হাটহাজারীতে দোকান বন্ধ রেখে বিক্ষোভ ব্যবসায়ীদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার আমানবাজারে গতকাল শুক্রবার সকালে প্রায় ৩০০ দোকান বন্ধ রেখে বিক্ষোভ করেছেন ব্যবসায়ীরা। গত মঙ্গলবার ও বুধবার দুটি ব্যবসাপ্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা, লুটপাট ও অব্যাহত হুমকির প্রতিবাদে এ কর্মসূচি পালন করেন ব্যবসায়ীরা। জিন্নাত নামে এক যুবকের নেতৃত্বে ছয়জন সন্ত্রাসী দোকানে হামলা, ভাঙচুর ও লুটপাট চালায় বলে ব্যবসায়ীরা অভিযোগ করেন।ব্যবসায়ীরা জানান, গত বুধবার দুপুরে চট্টগ্রাম শহর থেকে প্রায় ১২ কিলোমিটার দূরে আমানবাজার এলাকায় আজাদ হোসেন নামে এক হোটেল ব্যবসায়ীকে মারধর করে একদল সন্ত্রাসী। এ সময় তারা ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক ছড়ায়। আজাদের ব্যবসাপ্রতিষ্ঠান আল-আমিন হাশেমী রেস্তোরাঁয় লুটপাট চালায় তারা। আগের দিন মঙ্গলবার একই ব্যবসায়ীর আরেকটি প্রতিষ্ঠানে তারা হামলা চালায়। এ ঘটনায় জিন্নাতসহ ছয়জনকে আসামি করে হাটহাজারী থানায় মামলা করেন আজাদ।এ ঘটনার প্রতিবাদে শুক্রবার বেলা ১১টা থেকে এক ঘণ্টা দোকান বন্ধ রাখেন ব্যকসায়ীরা। এ সময় আমানবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির ব্যানারে ব্যবসায়ীরা চট্টগ্রাম-হাটহাজারী সড়কে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করেন। কর্মসূচিতে ব্যবসাপ্রতিষ্ঠানের মালিক-কর্মচারীসহ প্রায় ৮০০ জন অংশ নেন। সমাবেশে ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি নেয়ামত আলী খান বলেন, হামলার পর তিন দিন পেরিয়ে গেলেও পুলিশ কোনো সন্ত্রাসীকে গ্রেপ্তার করেনি। অথচ এরা প্রকাশ্যে এলাকায় ঘুরছে। ৪৮ ঘণ্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেপ্তার না করলে বৃহত্তর কর্মসূচি দেওয়া হবে। সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ব্যবসায়ী নেতা ওসমান গনি, শওকত আলী, হারুনুর রশীদ, মোস্তফা আরজু।হাটহাজারী থানার উপপরিদর্শক (এসআই) মো. শফি প্রথম আলোকে বলেন, এ ঘটনায় হত্যাচেষ্টা ও লুটপাটের অভিযোগে জিন্নাতসহ ছয়জনের বিরুদ্ধে মামলা করা হয়। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।