হাটহাজারীতে পুলিশ ডাকাত বন্দুকযুদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার পশ্চিম ধলই এলাকায় গত সোমবার দিবাগত রাতে পুলিশ-ডাকাত বন্দুকযুদ্ধে চার পুলিশ ও তিন ডাকাত আহত হয়েছে। এ সময় পুলিশ ১১ ডাকাতকে গ্রেপ্তার করেছে।থানা সূত্র জানায়, সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার কাটিরহাট-বাড়বকুন্ড সড়কের পাশে দেয়ালঘেরা একটি জায়গায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল একদল ডাকাত। খবর পেয়ে হাটহাজারী সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার বাবুল আকতারের নেতৃত্বে একদল পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় ডাকাতেরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়।পুলিশ সূত্র জানায়, এ সময় পুলিশ ৪৭টি ও ডাকাতেরা প্রায় ৪০টি গুলি ছোড়ে। একপর্যায়ে পুলিশ গুলিবিদ্ধ তিন ডাকাতসহ ১১ ডাকাতকে গ্রেপ্তার করে। অভিযানের সময় আট থেকে ১০ জন ডাকাত পালিয়ে যেতে সক্ষম হয়।পুলিশ ঘটনাস্থল থেকে দুটি একনলা দেশীয় বন্দুক, একটি ওয়ান শুটার গান, একটি লাইটগান, পাঁচটি বিভিন্ন আকৃতির রকেট প্যারাস্যুট সিগন্যাল গান, পাঁচটি রামদা, তিনটি চাপাতি, তিনটি ছোরা, ১৩টি বন্দুকের কার্তুজ, ৩০টি গুলির খোসা, দুটি রাইফেলের গুলি, ছয়টি মুঠোফোন, ২৫টি কালো কাপড়ের টুকরা ও ১০টি হাফপ্যান্ট উদ্ধার করেছে।গুলিবিদ্ধ ডাকাত মো. কায়সার, জামাল উদ্দীন ও শাহীনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গ্রেপ্তার হওয়া অন্য ডাকাতেরা হলো—নজরুল ইসলাম, মো. আলম, নাজমুল খান, মহিউদ্দীন, মো. মিয়া, মো. বেল্লাল, মো. নীরব ও মো. মনির উদ্দিন।আহত পুলিশ সদস্যরা হলেন এসআই মীর কাশেম ও লোকমান এবং কনস্টেবল নুরুল আলম ও এনামুল হক। তাঁরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।হাটহাজারী থানার উপপরিদর্শক (এসআই) মীর কাশেম প্রথম আলোকে বলেন, এ ঘটনায় পৃথক চারটি মামলা হয়েছে।