হাটহাজারীতে পুলিশের হস্তক্ষেপে বিএনপির দুই পক্ষের সভা পণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের হাটহাজারী উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে গতকাল মঙ্গলবার দলের দুই পক্ষের পৃথক সভা ডাকাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ অবস্থায় পুলিশ কোনো পক্ষকেই আর সভা করতে দেয়নি। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, গতকাল বেলা তিনটায় উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে দলের ‘ঢাকা চলো’ কর্মসূচি উপলক্ষে দলের উপজেলা সভাপতি ও কেন্দ্রীয় নেতা এস এম ফজলুল হকের সমর্থকেরা সভা ডাকে। একই সময়ে ওই স্থানে সাবেক সাংসদ ওয়াহিদুল আলম ও সাবেক মন্ত্রী মীর মো. নাছির উদ্দিনের সমর্থক দলের অপর অংশও সভা আহ্বান করে। এ সভাকে কেন্দ্র করে দুই পক্ষের নেতা-কর্মীরা কার্যালয়ের সামনে অবস্থান নিলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি অবনতির আশঙ্কায় হাটহাজারী থানার পুলিশ দুই পক্ষের লোকজনকে ওই জায়গা থেকে সরিয়ে দেয়। পরে ওয়াহিদ-নাছির পক্ষের সমর্থকেরা বাসস্ট্যান্ডের কলাবাগান এলাকায় সভা করে। হাটহাজারী ইউনিয়ন যুবদলের সভাপতি হাদী সরফুদ্দিন হায়দারের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন স্থানীয় নেতা আরিফুল ইসলাম, জাকের হোসেন, শাহেদুল আজম প্রমুখ। এদিকে ফজলুল হক জানান, প্রশাসন নিষেধ করায় আগের স্থানে আর সভা করেনি তাঁর সমর্থকেরা। উত্তর জেলা যুবদলের সাধারণ সম্পাদক সোলায়মান মঞ্জু জানান, সংস্কারপস্থী নেতা ফজলুল হকের পরামর্শে এলাকায় বিশৃঙ্খলা করতেই বিলুপ্ত থানা যুবদল কমিটি সভা ডাকে। তাদের ঠেকাতে বর্তমানে অনুমোদিত থানা ও হাটহাজারী সদর ইউনিয়ন যুবদল ওই স্থানে পাল্টা সভা আহ্বান করে। তবে পুলিশের বাধায় আর সভা হয়নি। হাটহাজারী থানার ওসি সামিউল আলম বলেন, বিএনপির দুই পক্ষ একই জায়গায় সভা ডাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখার স্বার্থে পুলিশ কাউকেই সভা করতে দেয়নি।