হাটহাজারীতে বোমায় আহত দুই অটোরিকশা যাত্রী
চট্টগ্রামের হাটহাজারীতে সিএনজিচালিত অটোরিকশায় অবরোধকারীদের ছোড়া পেট্রলবোমার আঘাতে গুরুতর আহত হয়েছেন দুই যাত্রী। তাঁরা হলেন খোকন (২৪) ও নুরুল ইসলাম (৫৪)। গতকাল রোববার রাত সাড়ে নয়টায় সরকারহাট কালীদাস চৌধুরীহাট এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সিএনজিচালিত অটোরিকশায় করে নগর থেকে বাড়িতে ফিরছিলেন খোকন ও নুরুল ইসলাম। খোকনের বাড়ি ফটিকছড়ির ধর্মপুরে। আর নুরুল ইসলামের বাড়ি হাটহাজারী ধলই গ্রামে। তাঁদের বহনকারী সিএনজিচালিত অটোরিকশাটি কালীদাস চৌধুরীহাট এলাকায় পৌঁছালে পেট্রলবোমায় গাড়ির ছাদ উড়ে যায়। পরে আহত ব্যক্তিদের নাজিরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক শেখ আবদুল মাবুদ বলেন, নুরুল ইসলামের মুখ ঝলছে গেছে। খোকনের অবস্থা আশঙ্কাজনক। তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে।