হাটহাজারীতে ভাইয়ের হাতে ভাই খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার আলীপুর এলাকায় আপন ছোট ভাই মোতাহার হোসেনের (৪৩) ছুরিকাঘাতে খুন হয়েছেন বড় ভাই নুরুল আবছার (৪৫)। বাধা দিতে গিয়ে ছুরিকাঘাতে আহত হয়েছেন আবছারের স্ত্রী ও আপন ভাতিজাসহ তিনজন। এদের মধ্যে ভাতিজা আহসান হাবীব সোহেলের (২৭) অবস্থা আশঙ্কাজনক। পুলিশ ঘাতক মোতাহারকে গ্রেপ্তার করেছে। প্রত্যক্ষদর্শী ও থানার পুলিশ সূত্রে জানা যায়, সদর ইউনিয়নের আলীপুর গ্রামের চান গাজীবাড়ির মৃত ছালেহ আহাম্মদের চার ছেলের মধ্যে ছোট দুই ছেলে নুরুল আবছার ও মোতাহের হোসেনের মধ্যে দীর্ঘদিন ধরে জমিজমা-সংক্রান্ত বিরোধ চলে আসছিল। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় তাঁদের নিজস্ব পুকুর থেকে তোলা একটি বড় রুই মাছ ভাগাভাগিকে কেন্দ্র করে দুজনের মধ্যে বাগিবতণ্ডা হয়। একপর্যায়ে মোতাহার তাঁর ভাই নুরুল আবছারের শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়িভাবে চুরিকাঘাত করেন। ছুরিকাঘাত করার সময় মোতাহেরকে বাধা দিতে গিয়ে অন্যরা আহত হন। গুরুতর অবস্থায় এলাকাবাসী নুরুল আবছারকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।খবর পেয়ে থানার পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। মোতাহার পালিয়ে গেলেও জনতার সহায়তায় পুলিশ বেলা সাড়ে তিনটায় ঘটনাস্থল থেকে প্রায় দুই কিলোমিটার উত্তরে আলমপুর গ্রামের প্যারারাল খাল এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। হাটহাজারী মডেল থানার ওসি সামিউল আলম জানান, এ ঘটনায় নিহত নুরুল আবছারের স্ত্রী মামলা করেছেন।