হাটহাজারীতে মামলায় আসামি পাঁচ হাজার, ফের অবরোধের চেষ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় গতকাল মঙ্গলবারও হেফাজতে ইসলামের ব্যানারে সড়ক অবরোধের চেষ্টা হয়েছে। তবে পুলিশ এসে তাদের সরিয়ে দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে। এদিকে সোমবারের ঘটনায় চার হাজার থেকে পাঁচ হাজার ব্যক্তিকে আসামি করে মামলা হয়েছে।

সোমবার বিকেলে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় দিবাগত রাতে হাটহাজারী মাদ্রাসার আশপাশের এলাকা থেকে তিন যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা জামায়াত-শিবিরের কর্মী-সমর্থক বলে পুলিশ মনে করছে।

হাটহাজারী মাদ্রাসায় হামলা হচ্ছে এবং আল্লামা শাহ আহমদ শফীকে গ্রেপ্তার করার গুজবে সোমবার রণক্ষেত্রে পরিণত হয় হাটহাজারী এলাকা। মাদ্রাসার শিক্ষার্থী ছাড়াও স্থানীয় জামায়াত-শিবিরের কর্মীরা হামলায় অংশ নেন। পুলিশের কর্মকর্তারা বলেছেন, জামায়াত-শিবিরের কর্মী-সমর্থকদের মারমুখী আচরণের কারণে পুলিশ গুলি ছুড়তে বাধ্য হয়। হামলাকারীরা গাছ কেটে রাস্তায় গুঁড়ি ফেলে প্রতিবন্ধকতার সৃষ্টি করেন। হাটহাজারী মাদ্রাসা থেকে সরকার হাট পর্যন্ত চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের সাত কিলোমিটার রাস্তার পাশে গাছের গুঁড়ি ও বৈদ্যুতিক খুঁটি ফেলা হয়। তবে পুলিশ রাতেই গাছ ও খুঁটি সরিয়ে রাস্তা গাড়ি চলাচলের জন্য উপযোগী করে। কিন্তু গতকাল ভোরে আবার হেফাজতের ব্যানারে বিএনপি ও জামায়াতের সমর্থকেরা হাটহাজারী মাদ্রাসার কাছে রাস্তা অবরোধের চেষ্টা করেন। পুলিশ এসে তাঁদের সরিয়ে দিলে সড়ক যোগাযোগ স্বাভাবিক হয়।

হাটহাজারী এলাকায় সেনাসদস্যকে হত্যা, পুলিশের ওপর হামলা ও বিস্ফোরক দ্রব্য ব্যবহারের অভিযোগে পুলিশ ৫৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও চার হাজার থেকে পাঁচ হাজার ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছে। গতকাল পুলিশ গ্রেপ্তারের কোনো অভিযান চালায়নি। সোমবার দিবাগত রাতে হাটহাজারী থেকে যাঁদের আটক করা হয় তাঁরা হলেন মো. আক্তার হোসেন (২৪), গিয়াস উদ্দিন (১৮) ও মো. আবুল হোসেন (২০)। চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) ফরিদ উদ্দিন প্রথম আলোকে বলেন, ওই তিন যুবক হামলায় অংশ নিতেই বাঁশখালী থেকে হাটহাজারীতে এসেছেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।

এদিকে সোমবার সেনাবাহিনীর সার্জেন্ট ও গোয়েন্দা শাখার সদস্য মো. সাইদুর রহমানকে পরিকল্পিতভাবে খুন করা হয় বলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্র জানায়। সূত্র জানায়, সংঘর্ষের সময় সাইদুর রহমান পুলিশের পাশে থেকেই দায়িত্ব পালন করছিলেন। এ সময় পুলিশের এক সদস্য তাঁর পরিচয় জানার চেষ্টা করেন। তিনি পরিচয় দেন, যা কাছ থেকে হামলাকারীরা দেখে ফেলে। এরপর হামলাকারীরা তাঁকে চোখে চোখে রাখছিল। সংঘর্ষ তীব্র হলে সুযোগ পেয়েই তারা তাঁকে মাথায় আঘাত করে হত্যা করে।