প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আনিসুল ইসলাম মাহমুদ অন্তর্বর্তীকালীন সরকারের মন্ত্রী হওয়ার খবরে তাঁর নির্বাচনী এলাকা হাটহাজারীর জনসাধারণের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
গতকাল সোমবার বিকেলে আনিসুল ইসলাম মন্ত্রী হওয়ায় কিছু মানুষ উল্লাস প্রকাশ করে এলাকায় মিষ্টি বিতরণ করেন। অন্যদিকে উপজেলা বিএনপি কালো পতাকা মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে তাঁর কুশপুত্তলিকা দাহ করে তাঁকে এলাকায় অবাঞ্ছিত ঘোষণা করে।
বিএনপির দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন বিএনপির নেতা মো. হোসেন মাস্টার। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুল আলম চৌধুরী। বক্তব্য দেন উপজেলা বিএনপির সহসম্পাদক গাজী মো. জাফর, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবদুর শুক্কুর প্রমুখ।