হাটহাজারীতে মেছোবাঘ আটক, ছেড়ে দেওয়া হবে অভয়ারণ্যে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সকালে পুকুরঘাটে বসে আড্ডা দিচ্ছিলেন কয়েকজন যুবক। হঠাত্ তাঁরা দেখতে পেলেন, একটি মেছোবাঘকে ধাওয়া করছে কয়েকজন কিশোর ও দুটি কুকুর। মাঝেমধ্যে বাঘটি থেমে পেছনে তাকালে কিশোরেরা ও কুকুর দুটি পিছু হটছে। একপর্যায়ে ওই যুবকেরা এবং অন্য লোকজন ফাঁদে ফেলে বাঘটি আটক করেন। বন বিভাগকে খবর দিলে তারা এসে বিকেলে বাঘটি নিয়ে যায়।ঘটনাটি ঘটেছে গতকাল সোমবার চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ফতেয়াবাদ বড় দীঘিরপাড় রাফসানপাড়ায়। বন বিভাগ জানায়, বাঘটি চুনতি অভয়ারণ্যে ছেড়ে দেওয়া হবে।বাঘটি আটক করা যুবকদের একজন মোজাহের ইসলাম বলেন, ‘বাঘটি ধরে কিশোরেরা মেরে ফেলতে চেয়েছিল। আমরা মারতে দিইনি। পরে বন বিভাগকে খবর দিলে তারা সেটি নিয়ে যায়।’চট্টগ্রাম বন্য প্রাণী সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. মোজাম্মেল হক শাহ বলেন, ‘মেছোবাঘটি আমরা নিয়ে এসেছি। এটিকে চুনতি অভয়ারণ্যে ছেড়ে দেব। তবে এভাবে বাঘ ধরা উচিত নয়। এতে করে পরিবেশের ভারসাম্য নষ্ট হবে। আর মেছোবাঘ এমন কোনো ক্ষতি করে না।’