হাটহাজারীতে শিবিরের ক্যাডার হত্যায় হাত ছিল সহযোগীর!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের হাটহাজারীর শিবিরের ক্যাডার আয়ুব আলী ওরফে রাশেদের মৃত্যুর ঘটনায় মামলা হয়েছে। গত রোববার রাতে হাটহাজারী থানার উপ-পরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন বাদী হয়ে মামলাটি করেন। মামলায় অজ্ঞাত পরিচয়ের ১৫০ ব্যক্তিকে আসামি করা হয়। রোববার দুপুরে ব্রাহ্মণহাট এলাকায় এক স্কুলছাত্রীকে অপহরণ করতে গিয়ে গণপিটুনিতে আয়ুবের মৃত্যু হয়। তাঁকে মারার পেছনে তাঁর এক সহযোগীর হাত থাকতে পারে বলে পুলিশ ধারণা করছে।পুলিশ সূত্র জানায়, আয়ুবের বিরুদ্ধে হত্যাসহ বিভিন্ন অভিযোগে আটটি মামলা রয়েছে। হাটহাজারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. বাবুল আকতার বলেন, আয়ুব ২০০৩ সালে ঈদুল আজহার রাতে শহরতলির মদুনাঘাটে একটি মাদ্রাসায় ঢুকে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক ফারুক মাহমুদ সিদ্দিকী ও ব্যবসায়ী সোলাইমানকে হত্যা করেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আলী মুর্তজা চৌধুরী হত্যা মামলার আসামিও তিনি। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আয়ুবকে গণপিটুনি দিয়ে হত্যার পেছনে তাঁর অন্যতম সহযোগী জাবেদের ইন্ধন থাকতে পারে। ‘ক্রসফায়ারে’ নিহত শীর্ষস্থানীয় সন্ত্রাসী গিয়াস হাজারিকা এবং আয়ুবের অস্ত্রগুলো জাবেদের কাছে আছে। মূলত আয়ুবের সন্ত্রাসী বাহিনী ও অবৈধ অস্ত্রের নিয়ন্ত্রণ নিতেই জাবেদ পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটায়।এএসপি বাবুল আকতার এ ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে তিনি বলেন, ‘জাবেদ নিহত আয়ুবের অন্যতম সহযোগী। তাঁরা দুজনে অনেক খারাপ কাজ করেছেন। আমরা জাবেদকে খুঁজছি।’ স্থানীয় সূত্র জানায়, রোববার দুপুরে দুটি মাইক্রোবাস নিয়ে আয়ুব ও তাঁর সহযোগীরা ওই স্কুল ছাত্রীকে অপহরণ করতে ব্রাহ্মণহাটে যান। এ সময় ডাকাত পড়েছে বলে মসজিদের মাইকে প্রচার করা হয়। তখন এলাকার লোকজন জড়ো হয়ে আয়ুবকে ধরে গণপিটুনি দেয়। ঘটনাস্থলেই তিনি মারা যান। তবে তাঁর সহযোগীরা মাইক্রোবাসে করে পালিয়ে যায়।