হাটহাজারীতে সিএনজি অটোরিকশা সংঘর্ষে মা-মেয়ে নিহত
চট্টগ্রামের হাটহাজারী-ভাটিয়ারী লিংক সড়কের জাহাঙ্গীর লেন এলাকায় গতকাল দুপুরে দুটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা-মেয়ে ঘটনাস্থলে নিহত হয়েছে। দুর্ঘটনায় আহত একই পরিবারের অপর এক সন্তানকে গুরুতর আহত অবস্থায় সিএমএইচ হাসপাতালে ভর্তি করা হয়েছে।প্রত্যক্ষদর্শী ও থানা সূত্রে জানা যায়, গতকাল সোমবার বেলা একটায় হাটহাজারী-ভাটিয়ারী লিংক রোডের জাহাঙ্গীর লেন এলাকায় দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ফটিকছড়িগামী অটোরিকশার আরোহী মা লক্ষ্মী রানী (৩৫) ও মেয়ে কলি (১১) নিহত হয়। এ ছাড়া গুরুতর আহত হয়েছে লক্ষ্মী রানীর ছোট মেয়ে স্নিগ্ধা রানী (৮)। এদিকে, দুর্ঘটনার পর অটোরিকশা রেখে পালিয়ে যায় দুই চালক। দুর্ঘটনাকবলিত অটোরিকশা দুটি (চট্ট মেট্রো থ ১১-২০৭৩ ও চট্ট মেট্রো থ ১১-৩০৩১) আটক করেছে পুলিশ।হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সামিউল আলম গতকাল বিকেলে বলেন, ঘটনার পর থেকে দুই অটোরিকশার চালক পলাতক। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে। তিনি বলেন, ক্ষতিগ্রস্ত পরিবার মামলা না করলে পুলিশ বাদী হয়ে মামলা করবে।