হাটহাজারীতে ১৪৪ ধারা প্রত্যাহার, দুটি মামলা
চট্টগ্রামের হাটহাজারীতে ভাঙচুর, অবরোধ ও পুলিশের ওপর হামলার ঘটনায় গত শুক্রবার রাতে দুটি মামলা হয়েছে। এতে অজ্ঞাত ৭০০-৮০০ মানুষকে আসামি করেছে পুলিশ। তবে গতকাল শনিবার সন্ধ্যা পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি। এদিকে ভোর ছয়টায় স্থানীয় প্রশাসন হাটহাজারী থেকে ১৪৪ ধারা প্রত্যাহার করে নিয়েছে। হাটহাজারীর নন্দীরহাটে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গত বৃহস্পতি ও শুক্রবার অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটে। এতে পাঁচজন পুলিশসহ অন্তত ১৫ জন আহত হয়। শুক্রবার বিকেল থেকে নন্দীরহাটে ১৪৪ ধারা জারি করা হয়।পুলিশ সূত্র জানায়, হাটহাজারী থানার উপপুলিশ পরিদর্শক (এসআই) জসিমউদ্দিন বাদী হয়ে আলাদা দুটি মামলা করেন। একটি অগ্নিসংযোগ ও ভাঙচুরের জন্য এবং অন্যটি পুলিশের ওপর হামলার জন্য করা হয়।হাটহাজারীর নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ ফরিদ আহমেদ প্রথম আলোকে বলেন, ‘ভোর ছয়টা থেকে ১৪৪ ধারা প্রত্যাহার করা হয়েছে। তবে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিজিবি ও র্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের টহল অব্যাহত থাকবে।’ পুলিশের দায়িত্বশীল সূত্র জানায়, ঘটনার উসকানিদাতা হিসেবে কয়েকজনকে শনাক্ত করা হয়েছে। তাঁদের মধ্যে বিএনপির বিতর্কিত এক নেতার অনুসারী এবং জামায়াত-শিবিরের লোকজন রয়েছে। আরও তদন্ত করে তাঁদের গ্রেপ্তারের পরিকল্পনা রয়েছে পুলিশের। পুলিশের দায়িত্বশীল একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, ঘটনায় রাজনৈতিক ইন্ধন ছিল, যার সঙ্গে জামায়াত-শিবিরের সম্পৃক্ততা আছে। পুলিশের একাধিক কর্মকর্তা জানান, বুধবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রলীগের সঙ্গে রক্তক্ষয়ী সংঘর্ষে শিবিরের দুই নেতা খুন হন। পরিস্থিতি ঘোলাটে করার জন্য নন্দীরহাটের ঘটনায় শিবিরের কিছু কর্মী-সমর্থক জড়িয়ে যান, যা তদন্তে আরও নিশ্চিত হওয়া যাবে। সমাবেশ ও মানববন্ধন: ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের প্রতিবাদে গতকাল শনিবার মানববন্ধন ও সংহতি সমাবেশ করেছেন সচেতন নাগরিক সমাজ ও সর্বস্তরের সাংস্কৃতিক কর্মীরা। চট্টগ্রামের প্রেসক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত কর্মসূচিতে বিভিন্ন সংগঠন ও ব্যক্তি সংহতি প্রকাশ করেন। সমাবেশে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক আবুল মনসুর, অধ্যাপক গোলাম মুস্তাফা, কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর, কবি কামরুল হাসান, সাংবাদিক রিয়াজ হায়দার, সংস্কৃতিকর্মী রনজিৎ রক্ষিত, রাশেদ হাসান, শাহরিয়ার খালেদ প্রমুখ।