হাটহাজারীর কাচারি সড়ক বেহাল
চট্টগ্রামের হাটহাজারী উপজেলা সদরের কাচারি সড়কে সৃষ্টি হয়েছে ছোট-বড় অসংখ্য গর্তের। সড়কের বেশির ভাগ জায়গায় পিচ উঠে গেছে। বৃষ্টির সময় গর্তে পানি জমে সড়কটি কাদাপানিতে একাকার হয়ে যায়। এ কারণে দুর্ভোগ পোহাচ্ছে পথচারীরা।কাচারি সড়কে রয়েছে বেশ কয়েকটি বিপণিবিতান। এসব বিপণিবিতানে ঈদের কেনাকাটা করতে এসে কাদাপানিতে নাকাল হচ্ছেন ক্রেতারা।কাচারি সড়কে রয়েছে সাবরেজিস্ট্রি অফিস, উপজেলা সদর ডাকঘরসহ বেশ কয়েকটি বাণিজ্যিক ব্যাংকের শাখা।এ ছাড়া হাজারও মানুষকে কাচারি সড়ক দিয়ে হাটহাজারী থানা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, উপজেলা ভূমি অফিস, সেনাবাহিনীর ফায়ার সেন্টার, উপজেলা কমপ্লেক্স, ফায়ার ব্রিগেডসহ বিভিন্ন সরকারি কার্যালয়ে যাতায়াত করতে হয়।কাচারি সড়কে চলতে গিয়ে দুর্ভোগ পোহাচ্ছে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের হাজার হাজার শিক্ষার্থী। সড়কে গর্তের কারণে রিকশা চলাচলেও সমস্যা হচ্ছে। হাটহাজারী বালিকা উচ্চবিদ্যালয়ের ছাত্রী সৈয়দা নাসরিন আক্তার প্রথম আলোকে জানায়, রাস্তায় কাদাপানি জমে থাকায় স্কুলে আসা-যাওয়া করতে কষ্ট হয়। এ কারণে তার স্কুলে যেতে মন চায় না। কাচারি সড়কের বাসিন্দা মো. ইসলাম বলেন, ভালো কাপড় পরে বাড়ি থেকে বের হলেও পরিষ্কার কাপড়ে বাড়ি ফেরা মুশকিল হয়ে যায়। কারণ, রাস্তায় বের হলে কাদাপানিতে কাপড় ময়লা হয়ে যায়। হাটহাজারী বাজারের ব্যবসায়ী মো. শফি বলেন, দীর্ঘদিন ধরে হাটহাজারী বাজারের সড়ক ও কাচারি সড়কের বিভিন্ন স্থানে গর্ত হলেও প্রশাসন কিংবা জনপ্রতিনিধিদের এদিকে নজর নেই। দুই সন্তানকে নিয়ে ঈদের কেনাকাটা করতে আসা এক গৃহবধূ বলেন, কাদাপানি মাড়িয়ে আসতে গিয়ে সন্তানদের কাপড়ে কাদা লেগে গেছে। তাঁর প্রশ্ন, উপজেলা সদরের গুরুত্বপূর্ণ এ সড়কের দুরবস্থা কি কর্তৃপক্ষের নজরে পড়ছে না?হাটহাজারী বাজারের ব্যবসায়ী মো. মোজাহের প্রথম আলোকে বলেন, নালা-নর্দমা সংস্কার না করায় পানি জমে কাচারি সড়ক ও বাজার কাদাপানিতে একাকার হয়ে যায়। তাঁর অভিযোগ, নালা সংস্কার ও বাজারের ময়লা পরিষ্কারের জন্য বাজারের ইজারার টাকার একটি অংশ বরাদ্দ থাকলেও কখনো নালা সংস্কার কিংবা পরিষ্কার করা হয় না।সড়ক ও জনপথ অধিদপ্তর হাটহাজারী কার্যালয়ের সেকশন অফিসার (এসও) উপপ্রকৌশলী মুজিবুর রহমান বলেন, নির্বাহী প্রকৌশলীর পরামর্শ অনুযায়ী সড়কের ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।চট্টগ্রাম জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দা সরওয়ার জাহান প্রথম আলোকে বলেন, এ সড়কের উন্নয়নকাজের জন্য টেন্ডার হয়েছে। ইতিমধ্যে কার্যাদেশও দেওয়া হয়েছে। তিনি বলেন, ঈদের দুই সপ্তাহ পর কাজ শুরু হবে।