
‘যদি সুন্দর একখান মুখ পাইতাম
মইশাইল্যা পানের খিলি তারে
বানাই খাওয়াইতাম।’
চট্টগ্রামের আঞ্চলিক গানের প্রবাদপ্রতিম শিল্পী শেফালী ঘোষের এই গানের কল্যাণে কক্সবাজারের মহেশখালীর পানের সুনাম সারা বাংলাদেশে। কিন্তু চট্টগ্রামের হাটহাজারীর পানের গুণের কথা কজন জানে?
মহেশখালীর পান বেশ মিষ্টি। আর হাটহাজারীর পান ঝাল। আকারে কিছুটা বড়। পাহাড়ি ও কক্সবাজার এলাকার পানের স্বাদ ও আকার কাছাকাছি। উত্তর চট্টগ্রাম, বিশেষ করে হাটহাজারীর পানের সবচেয়ে বেশি কদর খাগড়াছড়িসহ তিন পাহাড়ি জেলায়। কদর আছে ফেনী, নোয়াখালী ও মিরসরাই এলাকাতেও।
হাটহাজারীর দেওয়াননগর এলাকার ৪৫ বছর বয়সী শহীদুল ইসলাম বললেন, গত শীতে পানের ‘আগুন দাম’ গেছে। প্রতি হাজার পান বিক্রি হয়েছে সাত হাজার টাকা। অর্থাৎ একটি পান সাত টাকা।
শীতকালে (কার্তিকের পান) এমনিতে পানের উৎপাদন কমে যায়। তবে দাম বৃদ্ধির বড় কারণ ছিল মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশে আসা রোহিঙ্গারা। পানচাষিদের কথায়, এরা দুই বেলা ভাত না খেয়ে থাকতে পারে, কিন্তু পান তিন বেলা না হলে চলে না। তবে বর্ষায় ফলন বেশি বলে পানের দাম কমে এসেছে। এখন প্রতি হাজার পান বিক্রি হচ্ছে তিন হাজার টাকায়। তবে এখন হাটহাজারীতে একটি আস্ত পান দুই ভাগ করে বিক্রি হচ্ছে। চুন-সুপারিসহযোগে প্রতি ভাগ পাঁচ টাকা।
পানসেবীরা বলেন, বর্ষাকালের (আষাঢ়ে পান) পানের চেয়ে কার্তিক মাসের পান খেতে বেশি সুস্বাদু। পানের আরেকটি ফলন হয় ফাল্গুনে।
পান লতাজাতীয় একধরনের গাছের পাতা। আর্য ও আরবরা একে তাম্বুল নামে ডেকেছে। সাধারণত গাছের ওপর থেকে ১৬টি পান রেখে নিচের পানগুলো তোলেন চাষিরা। পানের কিছু ভেষজ গুণ রয়েছে। যেমন পানের রস হজমে সহায়তা করে, পেট পরিষ্কার রাখে। অনেকের দাবি, রক্তচাপ নিয়ন্ত্রণেও এর ভূমিকা আছে। তবে পানের সঙ্গে অতিরিক্ত তামাক, চুন, খয়ের ও সুপারি না খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন চিকিৎসকেরা। বাংলাপিডিয়া বলছে, নিশ্বাসকে সুরভিত করা এবং ঠোঁট ও জিবকে লাল করার জন্য মানুষ পান খায়।
চাষিরা বললেন, একটা সময় উপজেলার দেওয়ান নগরের সনাতন পল্লি এলাকার ৫০ থেকে ৬০টি পরিবার পান চাষ করত। এখন পুরো চট্টগ্রাম অঞ্চলেই পেশাটি হারিয়ে যাচ্ছে। এই উপজেলায় বরজের সংখ্যা কমে যাওয়ার প্রধান কারণ শুকনো মৌসুমে পানিসংকট। এখানকার চাষিদের পানির উৎস ছিল মিঠাছড়া খাল। দুই দশক ধরে খালটির উৎসমুখ দখল করে নিয়েছে ভূমিদস্যুরা। তার প্রভাব পড়েছে পানের বরজেও। চার পুরুষ ধরে পানচাষি ৬৫ বছর বয়সী দেওয়াননগর পৌরসভার বাসিন্দা অজিত কুমার দে বললেন, এখন দুই শতক জমিতে পান চাষ করতে খরচ হয় ৪০ হাজার টাকা।
হিন্দু, মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষই পান চাষের সঙ্গে যুক্ত। পানচাষিদের বলা হয় ‘বারুই’। স্থানীয় সুধীজন ও হাটহাজারী পূজা উদ্যাপন পরিষদের সভাপতি পরিমল কান্তি দে বললেন, এখানকার মাটিতে লৌহ ও গন্ধকের (সালফার) উপস্থিতি কম থাকায় পান চাষের জন্য উপযোগী।