সিরাজগঞ্জের হাটিকুমরুল গোলচত্বর বাসস্ট্যান্ড এলাকার পানি নিষ্কাশনের জন্য নালা নির্মাণকাজ দুই মাস ধরে বন্ধ রয়েছে। ফলে বর্ষা মৌসুমের শুরুতেই পানিতে পুরো এলাকা নিমজ্জিত হয়ে পড়েছে।
কিছু অংশের নালা নির্মাণ নিয়ে সড়ক ও জনপথ (সওজ) এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) মধ্যে রশি টানাটানিতে এ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে এলাকার জনসাধারণকে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে।
সিরাজগঞ্জ সওজ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকাসহ বিভিন্ন স্থানের সঙ্গে উত্তরবঙ্গের ১৬টি জেলা ও দক্ষিণবঙ্গের কয়েকটি জেলার যানবাহন চলাচলের প্রবেশপথ হাটিকুমরুল গোলচত্বর। গোলচত্বর এলাকাটি মহাসড়কের চেয়ে নিচু হওয়ায় সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি হয়। এখানের পানি নিষ্কাশনের জন্য সওজ গত বছর একটি নালা নির্মাণের কাজ শুরু করে। কিন্তু সওজ তাদের কাছ থেকে অনুমতি না নেওয়ায় এলজিইডির কিছু জায়গায় নির্মাণকাজ বন্ধ রাখে। চুক্তি অনুযায়ী, ওই জায়গায় এলজিইডির নালা নির্মাণের কথা। এখনো সেখানে এলজিইডি নালা নির্মাণ করেনি। এতে চরম দুর্ভোগে পড়েছে ওই এলাকার বাসিন্দারা।
স্থানীয় ব্যবসায়ী তোজাম উদ্দীন, রমজান আলী ও সামসুল ইসলাম জানান, এ গোলচত্বর চারটি মহাসড়কের সংযোগস্থল। প্রতিদিন এই গোলচত্বর হয়ে ২০ থেকে ২৫ হাজার যানবাহন চলাচল করে। এর চারপাশে দোকানপাট গড়ে ওঠায় পানি বের হওয়ার পথ নেই। দাবি অনুযায়ী, নালা নির্মাণকাজ শুরু হলেও সেটি বন্ধ রয়েছে। বিষয়টি সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে একাধিকবার জানালেও তারা কোনো পদক্ষেপ নিচ্ছে না।
হাটিকুমরুল হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. ইকবাল হোসেন জানান, নালা নির্মাণকাজ কী কারণে বন্ধ রয়েছে, তা জানা নেই। তবে পানি নিষ্কাশনের পথ না থাকায় বাসস্ট্যান্ড এলাকা নিমজ্জিত হয়েছে৷ মহাসড়কেও পানি উঠছে। ফলে যানবাহন চলাচলের রাস্তা সংকুচিত হয়ে পড়েছে৷ যেকোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে।
এ বিষয়ে সিরাজগঞ্জ এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. গোলাম মোস্তফা বলেন, ‘সওজ অর্থের সংকটের কথা বলে আমাদের অনুমতি নেওয়া অংশের নালা নির্মাণকাজ বন্ধ রেখেছে। তারা যেটুকু নালা নির্মাণ করেছে, তার কিছু অংশের ওপর আরসিসি স্লাব না দেওয়ায় গাড়ি চলাচল সম্ভব হবে না। যে কারণে বাকি অংশে নালা নির্মাণকাজ শুরুর ইচ্ছা থাকলেও সম্ভব হচ্ছে না।’
এ বিষয়ে সিরাজগঞ্জ সওজের নির্বাহী প্রকৌশলী মো. মনিরুজ্জামান জানান, চুক্তি অনুযায়ী এলজিইডি তাদের ব্যবহারের অনুমতি নেওয়া জায়গাটুকুতে নালা নির্মাণ করবে। দ্রুত নালা নির্মাণের জন্য তাদের তাগাদা দেওয়া হয়েছে। নির্মিত নালার ওপর স্লাব দেওয়া হয়েছে। দু-একটি জায়গায় খোয়া দেওয়া বাকি রয়েছে। সেখানে ঠিকাদারকে খোয়া দিতে বলা হয়েছে। নালা নির্মাণ শেষ হলে এই গোলচত্বর জলাবদ্ধতা থেকে রক্ষা পাবে।