হাটুরেদের অপেক্ষায় সীমান্ত হাট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামের রাজীবপুরে ২৩ জুলাই সীমান্ত হাট উদ্বোধন হতে যাচ্ছে। উদ্বোধনের চার দিন পর হাট বসবে ২৭ জুলাই থেকে। প্রতি বুধবার হাট বসবে। উদ্বোধনী অনুষ্ঠানে দুই দেশের বাণিজ্যমন্ত্রীরা উপস্থিত থাকবেন। এ ছাড়া মেঘালয় রাজ্যের মুখ্যমন্ত্রী পি এ মুকুল সাংমার অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে। হাটের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।রাজীবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল কাদের জানান, রাজীবপুরের বালিয়ামারী সোনাভরি নদীর তীরে ৭৫ মিটার এলাকায় সীমান্ত হাট বসবে। এখানে ভারত আটটি হাট-ছাউনি ও দুটি শৌচাগার নির্মাণ করে দিয়েছে। প্রতিটি ছাউনির নিচে ৫০ জন ব্যবসায়ী কেনাবেচা করবেন। এর মধ্যে বাংলাদেশের ২৫ জন ও ভারতীয় ২৫ জন ব্যবসায়ী থাকবেন।হাটে উভয় দেশের ১০টি কৃষিজাত পণ্য কেনাবেচা হবে। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো কৃষিজাত পণ্য, প্রসাধনসামগ্রী, আসবাবপত্র, মসলাজাতীয় দ্রব্য, ফলমূল ইত্যাদি। হাট পরিষ্কার-পরিচ্ছন্নতার জন্য উভয় দেশের দুইজন সুইপার নিয়োজিত থাকবেন। যাঁরা হাটে যাবেন-আসবেন, তাঁদের জেলা ম্যাজিস্ট্রেটের কাছ থেকে পরিচয়পত্র সংগ্রহ করতে হবে।গত রোববার সরেজমিনে দেখা যায়, উপজেলা সদর থেকে চার কিলোমিটার পূর্ব দিকে জিঞ্জিরাম নদীর পাড়ে শূন্য পয়েন্টে হাটটি তৈরি করা হয়েছে। উভয় দেশের সীমান্তের দুই পাশে ৭৫ মিটার করে মোট চার বিঘা জমিতে হাটটি বসবে। হাটকে ঘিরে রাজীবপুর থেকে নদীর পার পর্যন্ত রাস্তা সংস্কার করা হয়েছে। জিঞ্জিরাম নদীর ওপর দেড় শ ফুট বাঁশের সেতু তৈরি করেছে স্থানীয় প্রশাসন।জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান জানান, সীমান্ত হাট নির্মাণকল্পে সীমানা নির্ধারণ, অবকাঠামো উন্নয়নসহ সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। হাটটি চালু হলে উভয় দেশের মানুষ উপকৃত হবে। তিনি জানান, উদ্বোধনী অনুষ্ঠানে দুই দেশের বাণিজ্যমন্ত্রী, পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়, রাজস্ব বোর্ড, ব্যাংকের প্রতিনিধি এবং এফবিসিসিআই, এমসিসিআই, ইন্ডিয়া-বাংলাদেশ চেম্বার অব কমার্সের সভাপতি, বিভাগীয় কমিশনার, ডিআইজি ও বিজিবির সেক্টর কমান্ডার উপস্থিত থাকবেন।