হাটে কোরবানির পশু আসতে আরও এক সপ্তাহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাবতলী পশুর হাট
গাবতলী পশুর হাট

ঢাকার একমাত্র স্থায়ী পশুর হাট গাবতলীতে দেশের বিভিন্ন জেলা থেকে গবাদিপশু আসতে আরও পাঁচ-ছয় দিন লাগবে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। তাঁরা বলছেন, সাধারণত ঈদের এক সপ্তাহ আগ থেকে হাটে পশু আসতে শুরু করে। এই সময় মাথায় রেখে আগে গাবতলী হাটে সব ধরনের প্রস্তুতি শেষ করে আনা হচ্ছে।

গতকাল সরেজমিনে দেখা যায়, এর মধ্যে হাটের একটি পর্যবেক্ষণ টাওয়ারের কাঠামো নির্মাণের কাজ শেষ হয়েছে। হাটে ঢোকার মূল ফটকে তৈরি করা হচ্ছে একটি বড় তোরণ। হাটের ভেতরের রাস্তা পরিষ্কার ও সংস্কারের পাশাপাশি কাদামাটি অপসারণের কাজ চলছে।

হাটে কথা হলো গাবতলী গবাদিপশু ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি মো. মজিবুর রহমানের সঙ্গে। তিনি বলেন, সাধারণত হাটে ঈদের সাত দিন আগ থেকে গবাদিপশু আসতে শুরু করে। তিন-চার দিন আগে এর পরিমাণ বাড়ে এবং বেচাকেনা শুরু হয়। সেই হিসাবেই প্রস্তুতির কাজ চলছে।

প্রস্তুতির বিষয়ে গাবতলী হাটের ইজারাদার লুৎফর রহমান প্রথম আলোকে বলেন, হাটে এবার ১০টির মতো কাউন্টার থাকবে। প্রতিবছরের মতো পুলিশ কন্ট্রোল রুমের পাশাপাশি চারপাশে যথেষ্টসংখ্যক নজরদারি টাওয়ারও নির্মাণ করা হবে। হাটের ক্রেতা ও ব্যবসায়ীদের নিরাপত্তায় পুলিশের পাশাপাশি এক হাজারের মতো বিশেষ পোশাকের স্বেচ্ছাসেবক নিয়োজিত থাকবেন। এ ছাড়া থাকবে সিসি ক্যামেরা ও জাল নোট শনাক্তকরণের যন্ত্র।

কর্তৃপক্ষ বলছে, এবারের ঈদে হাটে দেড় লাখের মতো পশু উঠতে পারে। সে হিসাবেই ব্যাপারীদের জন্য টয়লেট, পানিসহ আনুষঙ্গিক সব ব্যবস্থা রাখা হচ্ছে। হাটের এক প্রান্তে কয়েকটি খড়ের দোকানেরও ব্যবস্থা চোখে পড়ল। দোকানগুলোর পাশে ফাঁকা জায়গায় চলছে যথেষ্ট পরিমাণ খড় মজুতের কাজ। মো. শামসুল আলম নামের এক খড় বিক্রেতা জানালেন, সারা বছর তাঁদের ব্যবসা চললেও কোরবানির হাটেই বিক্রি সবচেয়ে বেশি হয়। কোরবানির পশুকে সাজানোর জন্য জরির মালাসহ নানা উপকরণের দোকানগুলোও নতুনভাবে তৈরি হচ্ছে।

২২টি স্থানে অস্থায়ী পশুর হাট: গাবতলীর বাইরে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে এবার ২২টি স্থানে অস্থায়ী পশুর হাট বসানোর সিদ্ধান্ত নিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। এখন পর্যন্ত ঢাকা উত্তরে সাতটি হাট ১০ কোটি ৮০ লাখ ৬ হাজার ৭৮৬ টাকায় ইজারা দেওয়া হয়েছে। কিন্তু ঢাকা দক্ষিণের নয়টি হাট ইজারা দেওয়া হয়েছে ৬ কোটি ৬৪ লাখ ৪৭ হাজার ৫০০ টাকায়। সরকার-ঘোষিত নির্ধারিত দরের চেয়ে কম দর পড়ায় দুই সিটিতেই বাকি ছয়টি হাট ইজারা দেওয়ার জন্য পুনঃ দরপত্র আহ্বান করা হয়েছে।

ডিএসসিসির সম্পত্তি বিভাগ সূত্র জানায়, দরপত্রে সরকারি মূল্যের চেয়ে কম দর হওয়ায় ধোলাইখালে সাদেক হোসেন খোকা মাঠ, গোপীবাগে ব্রাদার্স ইউনিয়নসংলগ্ন বালুর মাঠ, আরমানিটোলা খেলার মাঠ, কমলাপুর স্টেডিয়ামের আশপাশে খালি জায়গা হাটের জন্য পুনরায় দরপত্রের আহ্বান করা হয়েছে। আজ ২০ আগস্ট শিডিউল কেনার শেষ তারিখ। আগামীকাল সোমবার দরপত্র চূড়ান্ত করা হবে।

আর ডিএনসিসির খিলক্ষেত বনরূপা আবাসিক প্রকল্পের খালি জায়গা ও আশিয়ান সিটি হাউজিং এলাকার দুটো পশুর হাট সম্পর্কে ডিএনসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা মো. আমিনুল ইসলাম গতকাল প্রথম আলোকে বলেন, এই দুটো জায়গায় অস্থায়ী হাটের জন্য মন্ত্রণালয়ের অনুমোদন চাওয়া হয়েছে। এ ক্ষেত্রে মন্ত্রণালয় যদি অনুমোদন দেয়, তাহলে বরাদ্দ দেওয়া হবে। অনুমোদন না দিলে হবে না।