
পাবনার সাঁথিয়া উপজেলার সোনাতলা গ্রামের সাদেক হোসেন কোরবানির পশুহাট সামনে রেখে একটি ষাঁড় পালন করেছিলেন। ষাঁড়টি গতকাল মঙ্গলবার তিনি উত্তরাঞ্চলের অন্যতম বড় পশুহাট বেড়া পৌর এলাকার করমজা হাটে বিক্রির জন্য নিয়ে আসেন। সপ্তাহ তিনেক আগে তাঁর বাড়িতে এক গরু ব্যবসায়ী গিয়ে ষাঁড়টির দাম দেড় লাখ টাকা বলে এসেছিলেন। অথচ গতকাল হাটে বেলা দুইটা পর্যন্ত ষাঁড়টির সর্বোচ্চ দাম ওঠে ১ লাখ ২০ হাজার টাকা।
সাদেক হোসেন বলেন, ‘আশা করিছিল্যাম গরুটা পৌনে দুলাখ টাকার ওপরে বেচব। সে জন্যই বাড়িতে দেড় লাখ টাকাতেও গরুটা বেচি নাই। এখন আফসোস করা ছাড়া আর কোনো উপায় নাই।’
গতকাল করমজা পশুহাটে গিয়ে গরু বিক্রি করতে আসা বেশির ভাগ খামারির সাদেক হোসেনের মতো হাহুতাশ করতে দেখা যায়। হাটে বিপুলসংখ্যক গরু উঠলেও ক্রেতা একেবারেই কম। এর ফলে হাটে প্রাণচাঞ্চল্য দেখা যায়নি।
হাট পরিচালনা কমিটির সদস্যরা জানান, করমজা গরুর হাটটি বসে প্রতি মঙ্গলবার। তবে ঈদুল আজহা উপলক্ষে কোরবানির আগের দিন পর্যন্ত হাটটি চলবে। তাঁদের মতে, অন্যান্য বারের ধারাবাহিকতায় গতকালই হাটটি সবচেয়ে বেশি জমে ওঠার কথা ছিল। কিন্তু মোটেও তা হয়নি। গতকাল বেলা দুইটা পর্যন্ত হাটে হাজার সাতেক গরু ছিল। অথচ সকাল থেকে ওই সময় পর্যন্ত গরু বিক্রি হয়েছিল ১০ থেকে ১২টি মাত্র।
হাট কমিটির অন্যতম সদস্য মিজানুর রহমান বলেন, ‘কোরবানির ঈদ সামনে রেখে আমরা আট থেকে নয় লাখ টাকা খরচ করে হাটটি সাজিয়েছি। অথচ ক্রেতার অভাবে হাটে বেচাকেনা নেই। হাটের এ অবস্থায় শুধু খামারিদেরই লোকসান হবে না, আমাদেরও প্রচুর লোকসান হবে।’
জানা যায়, বেড়া ও সাঁথিয়া উপজেলায় অসংখ্য খামারি ও গৃহস্থ গরু পালন করে থাকেন। গত বছর ভালো দাম পাওয়ায় এবার দুই উপজেলায় গতবারের চেয়ে আরও বেশি গরু পালন করা হয়েছে। এবার ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকা থেকে অনেক গরু ব্যবসায়ী বেড়া-সাঁথিয়ায় এসে এক মাস ধরে বাড়ি বাড়ি ঘুরে গরু কিনেছেন। গরু পালনকারীরা জানান, বাড়ি থেকে যাঁরা গরু বিক্রি করেছেন, তাঁরা কিছুটা লাভের দেখা পেয়েছেন। কিন্তু বেশি লাভের আশায় যাঁরা কোরবানির পশুহাটে গরু বেচতে এসেছেন, তাঁরাই লোকসানে পড়ছেন।
পাঁচ-ছয়জন গরু ব্যবসায়ীর সঙ্গে কথা বলে জানা যায়, আগের বছরগুলোতে ঢাকা ও চট্টগ্রামের পশুহাটে গরু আনা হয়েছিল ঈদুল আজহার চার-পাঁচ দিন আগে। কিন্তু এবার ক্ষতিগ্রস্ত রাস্তার কথা বিবেচনা করে ১০ থেকে ১২ দিন আগেই হাটগুলোতে গরু আনা শুরু হয়েছে। ঢাকা ও চট্টগ্রামের ক্রেতারা পশুহাটে আগেভাগেই এত গরুর আমদানি দেখে ভাবছেন, শেষ সময়ে আরও বেশি আমদানি হবে এবং দাম আরও কমবে। ফলে ঢাকা-চট্টগ্রামে গরুর বেচাকেনা না থাকার প্রভাব পড়েছে পাবনার বেড়া-সাঁথিয়াসহ দেশের অন্য এলাকার পশুর হাটে।