
রাঙামাটি জেলায় গতকাল বুধবার সকাল-সন্ধ্যা হাটবাজার ও দোকানপাট বর্জন কর্মসূচি পালিত হয়েছে। সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির ঘোষিত অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে এ কর্মসূচি পালিত হয়েছে।
রাঙামাটি শহরের বিভিন্ন বাজারসহ জেলার অধিকাংশ বাজারে বুধবার হাটের দিন। কিন্তু গতকাল ছিল ব্যতিক্রম। বাজারে কোনো ক্রেতা-বিক্রেতা ছিল না। রাস্তায় মানুষের চলাচলও তুলনামূলক অনেক কম ছিল। যানবাহন চলাচলও ছিল বন্ধ। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
রাঙামাটি পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসান জানান, জেলার কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
জনসংহতি সমিতির সহ তথ্য ও প্রচার সম্পাদক সজীব চাকমা দাবি করেন, তাঁদের কর্মসূচি সফল হয়েছে। চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে উল্লেখ করে বলেন, আপাতত আর কোনো কর্মসূচি নেই। তবে দলে আলোচনার পর ভবিষ্যতে যে কর্মসূচি দেওয়া হবে, তা সবাইকে জানিয়ে দেওয়া হবে।
বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি জানান, উপজেলায় হাটবাজার বর্জন ও দোকানপাট বন্ধের কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে উপজেলা সদর ও আশপাশের এলাকায় বিজিবি ও পুলিশের টহল দিতে দেখা যায়।
বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন বলেন, জনসংহতি সমিতির হাটবাজার বর্জন ও দোকানপাট বন্ধের কর্মসূচিতে আদিবাসীদের দোকান বন্ধ থাকলেও বাঙালিদের দোকানপাট খোলা ছিল। তবে আদিবাসীদের কোনো ক্রেতা-বিক্রেতা আসেননি।