হাটে গরু কম, ক্রেতা বেশি
রাজধানীর পশুর হাটগুলোতে গরুর সংকট দেখা দিয়েছে। বেশির ভাগ হাটেই গরুর চেয়ে ক্রেতার সংখ্যাই বেশি দেখা গেছে। তবে হাটে খাসির সংখ্যা পর্যাপ্ত বলে জানিয়েছেন সংশ্লিষ্ট হাট ব্যবস্থাপকেরা।
বিক্রেতারা বলছেন, আজ বৃহস্পতিবার বিপুলসংখ্যক ক্রেতা হাটে এসেছেন। কিন্তু গত কয়েক দিন তেমন বিক্রি হয়নি। ফলে তারা নতুন করে গরু আনার কথাও ভাবেননি। এ কারণেই সংকট দেখা দিয়েছে। হাট ব্যবস্থাপকেরা বলেছেন, গতকাল বুধবার বৃষ্টির কারণে এবং সড়কে যানজটের কারণে নতুন করে হাটগুলোতে গরু এসেছে খুবই কম।
সরকারি চাকরিজীবী মোনায়েম আহমেদ বললেন, আজ থেকে ছুটি শুরু হয়েছে। এ জন্য আজকেই গরু কিনতে এসেছিলাম। কিন্তু এ অবস্থা হবে জানতাম না। তিনি বলেন, যে গরুটি তিনি ৬৮ হাজার টাকায় কিনেছেন তার দাম আরও কম হওয়ার কথা ছিল।
শেষ বিকেলে ক্যান্টনমেন্ট হাটে ছিল মাত্র ২০ টির মতো গরু। তাও বড় আকারের। মাঝারি ও ছোট আকারের গরু ছিল না। মিরপুরের ইস্টার্ন হাউজিং সংলগ্ন হাট থেকে গরু কিনেছেন মামুন। তিনি প্রথম আলোকে বলেন, পুরো হাটে ৫০ টির বেশি গরু নেই। বিক্রেতারা এখন মাঝারি ও ছোট গরুর দাম বাড়িয়ে দিয়েছেন।
পূর্বাচল সংলগ্ন হাটে সর্বোচ্চ আড়াইশ গরু ছিল। অথচ সেখানে ক্রেতা ছিল অনেক বেশি। হাটের বিল্লাল হোসেন নামে এক বিক্রেতা বললেন, বৃষ্টির কারণে নতুন করে গরু এসেছে কম। তবে তার আসা আজ ভোর পর্যন্ত কেনাবেচা হবে। এর মধ্যে আশপাশ থেকে হাটে আরও গরু আসবে।
রাজধানীর মাংস বিক্রেতা সমিতির মহাসচিব রবিউল আলম বলেছেন, শেষের দিকে দাম বেড়েছে। তিনিও বললেন, বুধবারের বৃষ্টির কারণে গরু এসেছে কম।