
বিএনপিসহ ২০-দলীয় জোটের ডাকা অনির্দিষ্টকালের অবরোধের কারণে জামালপুর জেলার সবচেয়ে বড় নান্দিনা হাটে ক্রেতা কম হওয়ায় টমেটো বিক্রি কমে গেছে। ফলে বিক্রির জন্য আনা টমেটোর স্তূপ বাড়ছে। ক্রেতার অভাবে উৎপাদিত টমেটো নিয়ে বিপাকে পড়েছেন কৃষক এবং এর সঙ্গে সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। অবরোধে কারণে প্রায় চার সপ্তাহ ধরে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা থেকে পাইকারি ক্রেতারা আসতে না পারায় স্থানীয় বাজারে টমেটোর দামও কমেছে। এ কারণে টমেটোচাষি ও ব্যবসায়ীরা আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, জামালপুরে এবার ১ হাজার ৩৯২ হেক্টর জমিতে টমেটোর চাষ হয়েছে। অন্যান্য ফসলের তুলনায় টমেটো উৎপাদনে খরচ কম, লাভ বেশি। আবহাওয়া অনুকূলে থাকায় ফলনও ভালো হয়েছে।
গত শুক্রবার সদর উপজেলার নান্দিনা হাটে গিয়ে কয়েকজন কৃষকের সঙ্গে কথা হলে তাঁরা জানান, প্রথম দিকে বাজারে টমেটোর চাহিদা ভালো ছিল; দামও বেশি পাওয়া গেছে। অবরোধের আগে দেশের বিভিন্ন স্থান থেকে আসা পাইকারেরা নান্দিনা হাট থেকে প্রতিদিন শতাধিক ট্রাক বোঝাই করে টমেটো নিয়েছেন। বতর্মানে ১০ থেকে ১৫ ট্রাক টমেটো স্থানীয় পাইকারেরা কিনে দেশের বিভিন্ন স্থানে নিয়ে বিক্রি করছেন। চাহিদার তুলনায় বাজারে সরবরাহ বেশি হওয়ায় হাটের বিভিন্ন স্থানে হাজার হাজার মণ টমেটো স্তূপ করে রাখা হয়েছে। এতে করে অনেক টমেটো নষ্ট হচ্ছে। উপায় না পেয়ে কম দামে টমেটো বিক্রি করতে হচ্ছে। এ জন্য টমেটোচাষিদের লোকসানের আশঙ্কা দেখা দিয়েছে।
নান্দিনা হাটে টমেটো বিক্রি করতে আসা লক্ষ্মীরচর এলাকার কৃষক হাসমত আলী জানান, টানা অবরোধের কারণে নান্দিনা বাজারে দেশের বিভিন্ন স্থান থেকে এখন পাইকার আসছেন না বললেই চলে। অবরোধের আগে প্রতিদিন শতাধিক পাইকার এখানে এসে ট্রাক বোঝাই করে টমেটো নিয়ে যেতেন। বর্তমানে ১০ থেকে ১৫ জন পাইকার নান্দিনা বাজারে আসেন। কিন্তু পাইকারের তুলনায় বিক্রেতা বেশি। ২৬ দিন আগে এক মণ টমেটো ৮০০ থেকে এক হাজার টাকায় বিক্রি হয়েছে। এখন তা কমে বিক্রি হচ্ছে ২৫০ থেকে ৩০০ থেকে টাকায়।
নান্দিনা বাজারের পাইকারি টমেটো ব্যবসায়ী রমজান আলী বলেন, ‘টমেটোর ব্যবসায় ভালো লাভ হয়। কিন্তু টানা অবরোধের কবলে পড়ে বর্তমানে লোকসানের মুখে পড়তে হচ্ছে। অবরোধের আগে তিন-চার ট্রাক করে টমেটো রাজধানীতে নিয়ে বিক্রি করেছি। অবরোধের কারণে বর্তমানে কোনো টমেটো আমি রাজধানীতে নিতে পারছি না। গত বুধবার এক ট্রাক টমেটো ঢাকায় নিতে চেয়েছিলাম। কিন্তু কোনো ট্রাকচালক রাজি হননি। অবরোধের আগে এক ট্রাক টমেটো ঢাকায় নিতে ভাড়া ছিল ১৫ থেকে ১৮ হাজার টাকা। অবরোধের কারণে ট্রাকচালকেরা ভাড়া হাঁকছেন ৪০ থেকে ৫০ হাজার টাকা। এর পরও অনেক চালক যেতে চান না। এতে টমেটোচাষি ও ব্যবসায়ীরা লোকসানের মুখে পড়েছেন।’
নান্দিনা হাটের অন্যতম ইজারাদার নজরুল ইসলাম বলেন, অবরোধ-হরতালের কারণে দেশের বিভিন্ন জেলা থেকে টমেটোর পাইকারদের এ হাটে আসা কমে গেছে। পরিস্থিতি ভালো থাকলে প্রতিদিন কয়েক শ পাইকার এ হাটে এসে টমেটো কিনতেন। বর্তমানে ১৫ থেকে ২০ জন পাইকার হাটে আসেন। এতে কৃষকদের পাশাপাশি হাটের ইজারাদারেরাও আর্থিক ক্ষতির মুখে পড়ছেন।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জামালপুরের উপপরিচালক মো. রফিকুল ইসলাম বলেন, অবরোধের আগে টমেটোর দর ভালোই ছিল। কিন্তু রাজনৈতিক অস্থিরতার বলি হচ্ছে এখন কৃষক। অবরোধ-হরতালের কারণে টমেটোর দাম কমে গেছে। এতে কৃষকের উৎপাদন খরচও উঠবে না। এ বিষয়গুলো সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।