হাটে নতুন পেঁয়াজ, ভালো দামেও খুশি নন চাষিরা
দেশের অন্যতম পেঁয়াজ উৎপাদনকারী এলাকা পাবনার সাঁথিয়ার হাট-বাজারে নতুন পেঁয়াজ উঠতে শুরু করেছে। তবে ভালো দাম পেয়েও খুশি নন পেঁয়াজচাষিরা। কারণ, মাস দেড়েক আগের বৃষ্টিতে বেশির ভাগ পেঁয়াজের খেত ক্ষতিগ্রস্ত হওয়ায় ফলন নেমে গেছে অর্ধেকের নিচে।
উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা যায়, এবার উপজেলার ১১ হাজার ৫০০ হেক্টর জমিতে পেঁয়াজ আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। উপজেলায় মূলকাটা ও হালি পদ্ধতিতে পেঁয়াজের আবাদ হয়ে থাকে। মূলকাটা পদ্ধতিতে পেঁয়াজের আবাদ শুরু হয় অক্টোবর-নভেম্বর মাসে। হালি পদ্ধতিতে ডিসেম্বর-জানুয়ারি মাসে আবাদ শুরু হয়। পেঁয়াজের উচ্চমূল্য দেখে এবার অনেকেই নির্ধারিত সময়ের দু-তিন সপ্তাহ আগেই মূলকাটা পদ্ধতিতে পেঁয়াজের আবাদ শুরু করেন। আগে লাগানো সেই পেঁয়াজই এখন বাজারে উঠতে শুরু করেছে। তবে মূলকাটা পদ্ধতিতে পেঁয়াজের আবাদ এখনো চলছে। আগাম আবাদ করা অনেক চাষিই দ্বিতীয়বারের মতো একই জমিতে আবারও পেঁয়াজ আবাদ করছেন।
পেঁয়াজচাষিরা জানান, আগাম পেঁয়াজ লাগানোর কিছুদিনের মধ্যে অত্যধিক বৃষ্টির কারণে বেশির ভাগ জমির পেঁয়াজের চারা ক্ষতিগ্রস্ত হয়েছে। এ কারণে পেঁয়াজের উৎপাদন অনেক কমে গেছে। প্রতি বিঘায় ৪০-৪৫ মণ পেঁয়াজ পাওয়ার কথা থাকলেও পেঁয়াজচাষিরা মাত্র ১০ থেকে ১৫ মণ পাচ্ছেন।
করমজা মল্লিকপাড়া গ্রামের পেঁয়াজচাষি রহম আলী বলেন, ‘তিন হাজার টাকা মণ দরে চার মণ পেঁয়াজের বীজ কিইন্যা এক বিঘা জমিতে লাগাইছিল্যাম। ফলন পাইছি মোটে ১০ মণ। এতে কুনু রকমে খরচ তুলব্যার পারিছি।’
মঙ্গলবার সাঁথিয়ার করমজা হাটে গিয়ে দেখা গেছে, পুরোনো পেঁয়াজের পাশাপাশি প্রচুর নতুন পেঁয়াজের আমদানি হয়েছে। পুরোনো পেঁয়াজ প্রতি মণ দুই হাজার ৭০০ থেকে দুই হাজার ৮০০ টাকায় ও নতুন পেঁয়াজ দুই হাজার থেকে দুই হাজার ২০০ টাকায় বিক্রি হতে দেখা গেছে।
হাটের আঁখি ভান্ডারের মালিক আমির হোসেন জানান, ১০ থেকে ১২ দিন ধরে হাটে নতুন পেঁয়াজ ওঠা শুরু হয়েছে। নতুন পেঁয়াজ ওঠার পর থেকে কমতে শুরু করেছে পেঁয়াজের দাম।
উপজেলার বায়া গ্রামের আলহাজ আলী বলেন, ‘গত বছর পেঁয়াজের দাম না পায়া লস খাইছি। আর এবার ভালো দাম সত্ত্বেও ফলনে মাইর খাওয়ায় লস দিত্যাছি।’
উপজেলা কৃষি কর্মকর্তা মোশাররফ হোসেন বলেন, ‘বৃষ্টির কারণে আগাম পেঁয়াজচাষিরা ফলন কম পেয়েছেন। তবে দাম ভালো হওয়ায় উপজেলায় এবার পেঁয়াজ চাষের ধুম পড়েছে। লক্ষ্যমাত্রার চেয়ে এবার বেশি জমিতে পেঁয়াজের আবাদ হবে বলে আশা করছি।’