কেরানীগঞ্জ উপজেলার বিভিন্ন পশুর হাটে থাকছে কঠোর নিরাপত্তা। সিসি ক্যামেরার পাশাপাশি থাকছে পুলিশ, ডিবি, আনসার ও সাদাপোশাকের পুলিশের পাহারা। গতকাল বুধবার বিকেল সাড়ে পাঁচটার দিকে কেরানীগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কেরানীগঞ্জ মডেল থানা আয়োজিত এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় প্রধান অতিথি ঢাকা জেলা পুলিশ সুপার শাহ্ মিজান শাফিউর রহমান মতবিনিময় সভায় বলেন, ঈদুল আজহাকে কেন্দ্র করে সক্রিয় হয়ে ওঠে অজ্ঞান পার্টি ও পকেটমারের সিন্ডিকেট। এসব সিন্ডিকেট যেন কেরানীগঞ্জে তৎপরতা চালাতে না পারে, সে জন্য বিশেষ নজরদারি রাখা হবে। অন্যদের মধ্যে বক্তব্য দেন, অতিরিক্ত পুলিশ সুপার মনিরুল ইসলাম, সহকারী পুলিশ সুপার কেরানীগঞ্জ সার্কেল মাহবুবুর রহমান, কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদাউস হোসেন, দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম প্রমুখ।