হাটে পশু জবাইয়ের বর্জ্যে করতোয়ায় পানিদূষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিদিন ৩০-৩৫টি, মাসে এক হাজার, আর বছরে ১২ হাজার পশু জবাই হচ্ছে নদীর তীরে। জবাই করা পশুর রক্ত, নাড়িভুঁড়ি, বর্জ্য, উচ্ছিষ্ট, গোবর ফেলা হচ্ছে নদীতে। বগুড়ার মহাস্থানহাটে জবাই করা গরুর বর্জ্যে এভাবে দূষণ করা হচ্ছে করতোয়া নদী। বর্জ্যের উৎকট দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে বাতাসে। দূষিত হচ্ছে এলাকার পরিবেশ।করতোয়া নদী গবেষক এবং বগুড়া সরকারি আজিজুল হক কলেজের ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক এ বি এম আবু হায়দার প্রথম আলোকে বলেন, নদীতে বর্জ্য ফেলা আইনত দণ্ডনীয় অপরাধ। মহাস্থানহাটের পশু জবাইয়ের বর্জ্য করতোয়ায় ফেলে পানিদূষণের পাশাপাশি এলাকার পরিবেশও দূষণ করা হচ্ছে। দূষিত নদীর পানি ব্যবহার করে নদীপাড়ের মানুষ পেটের পীড়া, চর্মরোগসহ নানা রোগে আক্রান্ত হচ্ছে। গতকাল শনিবার সকালে রংপুর-ঢাকা মহাসড়কের মহাস্থান সেতুসংলগ্ন করতোয়ার তীরে গিয়ে দেখা গেছে, সেতুসংলগ্ন মহাসড়কের পাশেই নদীর তীরে হাটের গরু, ছাগল, ভেড়া, মহিষ জবাই করা হচ্ছে। জবাই করা পশুর বর্জ্য ফেলা হচ্ছে নদীতে। দুর্গন্ধে মহাসড়কে চলাচলকারী পথচারীদের দম বন্ধ হওয়ার মতো অবস্থা।মহাসড়কে ভ্যানে চড়ে মহাস্থানহাটে আসছিলেন শিবগঞ্জ উপজেলার মুরাদপুর গ্রামের কৃষক আবদুল জলিল। তিনি বলেন, ‘নদীর পাড়ত গরু জবাই করে কসাইয়েরা পচা গন্ধ বাতাসে ছড়াচ্ছে। উৎকট দুর্গন্ধে প্যাট থাকে নাড়িভুঁড়ি বার হবার চাচ্চে।’ মহাস্থান বাজারের স্থানীয় একটি প্রতিষ্ঠানের শিক্ষক বুলবুল আহমেঞ্চদ বলেন, নদীপাড়ের এ কসাইখানার দুর্গন্ধে এলাকার পরিবেশ দূষিত হচ্ছে। একটু বাতাস হলে, প্রচণ্ড রোদ হলে উৎকট গন্ধ ছড়িয়ে পড়ছে মহাস্থান বাজারসহ আশপাশের শিক্ষাপ্রতিষ্ঠানে।স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, আইনগতভাবে নির্ধারিত কসাইখানা ছাড়া পশু জবাই করা যায় না। পশু জবাইয়ের আগে স্বাস্থ্য বিভাগের প্রতিনিধি ও প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তার উপস্থিতিতে পশু সুস্থ কি না, তা নিশ্চিত হতে হবে। কর্মকর্তাদের কাছ থেকে সুস্থতার সনদ পাওয়ার পর একজন ইমামের মাধ্যমে তা হালালের সঙ্গে জবাই করতে হবে। জবাই করা পশুর রক্ত ও বর্জ্য মাটির নিচে পুঁতে ফেলতে হবে। পুঁতে রাখা সম্ভব না হলে তা নির্ধারিত কূপে ফেলতে হবে। এসব কূপে বর্জ্য ধ্বংসকারী পদার্থ ফেলতে হবে। পশু জবাই স্থানের রক্ত ও বর্জ্য পানি দিয়ে ধুয়ে দিতে হবে। প্রয়োজনে জীবাণুনাশক দিয়ে ধুয়ে দিতে হবে।মহাস্থানহাটের মাংসক্রেতা চিঙ্গাশপুরের জাকির হোসেন বলেন, এ হাটে ডাক্তারি পরীক্ষা ছাড়াই অস্বাস্থ্যকর পরিবেশে পশু জবাই হয়। ডাক্তারি পরীক্ষার ব্যবস্থা না থাকায় প্রায়ই রোগাক্রান্ত পশু জবাই করা হয়। হাটের কসাই চুন্নু মিয়া জানান, হাটের ১০-১২টি মাংসের দোকান থেকে বছরে ইজারা তোলা হয় ছয় লাখ টাকা। অথচ জবাইখানা নেই। সঞ্জু মিয়া নামের এক কসাই বলেন, ‘ইজারাদারের লোকজন খালি টোল লিয়ে যায়, কোনো সুবিধা দেয় না।’ মাংস ব্যবসায়ী আবদুর রাজ্জাক বলেন, জবাইখানা না থাকায় নদীর পাড়ে নিয়ে গরু জবাই করতে হয়। নাড়িভুঁড়ি নদীতে ফেলতে হয়। এখানে ধোয়ামোছার পানির জন্য কোনো নলকূপের ব্যবস্থা নেই, মাংস বিক্রয়কর্মীদের শৌচাগারও নেই।ইজারাদার মাকসুদুল আলমের তত্ত্বাবধায়ক ফজলে রনি বলেন, মহাস্থানহাট ইজারা দিয়ে সরকারের রাজস্ব আয় কোটি টাকারও বেশি। অথচ হাটের উন্নয়ন নেই। জায়গা অপর্যাপ্ত। জবাইখানা নির্মাণের দায়িত্ব ইজারাদারের নয়, প্রশাসনের। পশু জবাইয়ের বর্জ্যে করোতোয়া দূষণের বিষয়ে পরিবেশ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের কারও সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। জেলা প্রশাসক সারোয়ার মাহমুদ প্রথম আলোকে বলেন, ‘মহাস্থানের মতো বড় হাটে অবশ্যই নির্ধারিত জবাইখানা থাকা দরকার। পরিবেশ-দূষণের বিষয়টি স্থানীয় প্রশাসনকে খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হবে।’