হাটে পশু পরীক্ষায় চিকিৎসক নিয়োগের নির্দেশনা চেয়ে রিট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পবিত্র ঈদুল আজহা সামনে রেখে রাজধানীর হাটগুলোতে আসা পশুর দেহে ক্ষতিকর কোনো উপাদান আছে কি না, তা পরীক্ষার জন্য প্রতিটি হাটে পশুচিকিৎসক নিয়োগের নির্দেশনা চেয়ে রিট আবেদন করা হয়েছে।
গতকাল সোমবার সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি করা হয়।
মাত্রাতিরিক্ত মোটাতাজাকরণ ওষুধ পশুর দেহে প্রয়োগ বন্ধে পদক্ষেপ গ্রহণে নিষ্ক্রিয়তা চ্যালেঞ্জ করে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ-এর পক্ষে আইনজীবী মনজিল মোরসেদ রিটটি করেন।
পরে মনজিল মোরসেদ প্রথম আলোকে বলেন, মোটাতাজাকরণে রাসায়নিক পদার্থ বা হরমোন পশুদেহে প্রয়োগ করা হয়েছে কি না, তা মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর কি না, তা নিশ্চিত করতে পশুচিকিৎসক দল নিয়োগের নির্দেশনা চেয়ে রিটটি করা হয়। ৩ থেকে ৮ অক্টোবর পর্যন্ত রাজধানীর প্রতিটি হাটে পশু পরীক্ষার জন্য চিকিৎসক নিয়োগের নির্দেশনা চাওয়া হয়েছে। আজ মঙ্গলবার শুনানি হতে পারে।
রিটে ক্ষতিকর ওষুধের মাধ্যমে মোটাতাজা করা পশু হাটে প্রবেশে নিষেধাজ্ঞা এবং মোটাতাজাকরণ ওষুধ প্রয়োগ বন্ধে নীতিমালা তৈরিতে একটি বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশনা চাওয়া হয়েছে।