হাটেই মারা গেলেন কৃষক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কষ্টে আবাদ করা আলু হাটে বিক্রি করতে গিয়ে দাম প্রতি কেজি পাঁচ টাকা শুনে হার্ট অ্যাটাকে মারা গেলেন নীলফামারীর সৈয়দপুর উপজেলার মধুপুর ঠনঠনিয়াপাড়া গ্রামের কৃষক তাজুল ইসলাম (৪০)। গতকাল সোমবার রংপুরের তারাগঞ্জ হাটে এ ঘটনা ঘটে। তাজুল ইসলামের পারিবারিক সূত্রে জানা গেছে, পৈতৃক সূত্রে পাওয়া এক একর ২০ শতক জমি চাষ করে চলে কৃষক তাজুল ইসলামের ছয় সদস্যের সংসার। কয়েক বছর ধরে জমিতে ধান ও আলুর চাষ করে তিনি লোকসান গুনছিলেন। এতে সংসারে অভাব-অনটন দেখা দেয়। এতে তিনি দুশ্চিন্তাগ্রস্ত ছিলেন।তাজুলের বন্ধু খায়রুল ইসলাম বলেন, তাজুল তিনটি বস্তায় আলু ২৪০ কেজি আলু ভরে তাঁকে নিয়ে হাটে বিক্রি করতে যান। প্রতি বস্তায় আলু ছিল ৮০ কেজি। ক্রেতা বস্তাপ্রতি ৪০০ টাকা (প্রতি কেজির দাম পড়ে পাঁচ টাকা) দাম বলায় তাজুল হতভম্ব হয়ে পড়েন। বলতে থাকেন, ‘দাম না পাইলে এবার খাব কী, বাঁচব কেমন করে।’ এর পরই তিনি ব্যথায় বুক চেপে ধরে আলুর বস্তার ওপর পড়ে যান। দ্রুত তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁরা বলেছেন, হার্ট অ্যাটাকে তাজুলের মৃত্যু হয়েছে।