হাটের ইজারাদারের বিরুদ্ধে অতিরিক্ত কর আদায়ের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার নেকমরদ হাটে ইজারাদারের বিরুদ্ধে গরু ও ছাগলের ক্রেতাদের কাছ থেকে অতিরিক্ত হাসিল (কর) আদায়ের অভিযোগ উঠেছে।
জেলা প্রশাসন অনুমোদিত হাটবাজারের হাসিল আদায়ের তালিকা অনুযায়ী একটি গরুর জন্য ১৮০ ও একটি ছাগলের জন্য ৮০ টাকা আদায় করা যাবে। অথচ গত রোববার নেকমরদ হাটে প্রতিটি গরুর জন্য ২২০ ও প্রতিটি ছাগলের জন্য ১০০ টাকা করে হাসিল আদায় করতে দেখা গেছে।
রোববার দুপুরে হাটে দুটি গরু কিনে বাড়ি ফিরছিলেন উপজেলার কাশিপুর গ্রামের গজেন চন্দ্র। সে সময় তিনি বলেন, গরুপ্রতি ১৮০ টাকা হাসিল আদায়ের নিয়ম থাকলেও আদায়কারী তাঁর কাছ থেকে ২২০ টাকা নেন। গজেন অনুরোধ করে বলেন, ‘ভাই, হাটে বেশি হাসিল নেওয়ার কথাগুলো আপনি লিখলে আমাদের কিছুটা উপকার হয়।’
একই উপজেলার ভাংবাড়ি গ্রামের জয়ন্ত কুমার ৪ হাজার ১০০ টাকা দিয়ে একটি খাসি কিনেছেন। ছাগলপ্রতি ৮০ টাকা হাসিল নেওয়ার নিয়ম থাকলেও তাঁর কাছ থেকে ২০ টাকা বেশি আদায় করা হয়েছে।
একই অভিযোগ করেন উপজেলার কর্নাইট গ্রামের মনজুর আলী, গোকুন্ডা গ্রামের আবদুর রহিম, বালিয়াডাঙ্গীর ভানোর গ্রামের রণজিৎ রায়।
নেকমরদ হাটে এসে একটি গরু কেনেন হলদিবাড়ি গ্রামের বাসিন্দা মো. আমিন। গরু কেনার পর হাসিল আদায়কারী রফিকুল ইসলাম তাঁকে ১৮০ টাকার একটি রসিদ ধরিয়ে দেন। টাকা পরিশোধ করার পর রফিকুল তাঁর কাছে আরও ৪০ টাকা দাবি করেন। এ নিয়ে বাগ্বিতণ্ডার পর আমিন ৪০ টাকা দিতে বাধ্য হন। কিন্তু হাসিল আদায়কারী তাঁকে অতিরিক্ত সেই টাকার কোনো রসিদ দিলেন না।
হাসিল আদায়কারী রফিকুল ইসলাম বলেন, ‘ইজারাদার যেভাবে বলেছেন, আমরা সেভাবেই হাসিল নিচ্ছি।’ ইজারাদার তোজাম্মেল হক বলেন, জায়গাসংকটের কারণে ভাড়া জায়গায় হাটের কার্যক্রম চালাতে হচ্ছে। জায়গার ভাড়ার জন্য গরুপ্রতি ২০ টাকা ও স্থানীয় গোল্ডকাপ ফুটবল পরিচালনার খরচের জন্য ১০ টাকা অতিরিক্ত নেওয়া হচ্ছে। আদায় করা হাসিলের ১০ টাকা উপজেলা প্রশাসনকে দিতে হয়। আপনি চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সঙ্গে কথা বলে নিতে পারেন। তবে ইউএনও খন্দকার মো. নাহিদ হাসান বলেন, ‘হাটে রসিদের অতিরিক্ত হাসিল নেওয়ার কোনো সুযোগ নেই। অভিযোগের সত্যতা পেলে ইজরাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’