হাটের চৌহদ্দির বাইরে পশু এলে তা আটক করে থানায় নেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার (ডিএমপি) মো. আছাদুজ্জামান মিয়া।
গতকাল বৃহস্পতিবার দুপুরে ডিএমপির মিন্টো রোডের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার এসব কথা বলেন। তিনি বলেন, পুলিশের সাতটি ভ্রাম্যমাণ আদালত পশুর হাটের আশপাশে অজ্ঞান পার্টি, মলম পার্টি ও ছিনতাইকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।
ডিএমপির কমিশনার বলেন, ঈদুল আজহা যাতে নিরাপদ ও নির্বিঘ্ন পরিবেশে পালিত হয়, সে জন্য ডিএমপি ব্যাপক নিরাপত্তামূলক ব্যবস্থা নিয়েছে। প্রতিটি গুরুত্বপূর্ণ স্থানে পোশাকধারী পুলিশের পাশাপাশি গোয়েন্দা পুলিশ (ডিবি), আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ও র্যা ব সদস্যরা দায়িত্ব পালন করবেন।
কমিশনার বলেন, রাজধানীতে ২৩টি পশুর হাট বসবে। হাটের নিরাপত্তায় আজ ১৮ সেপ্টেম্বর থেকে পুলিশ প্রস্তুত থাকবে। প্রতিটি হাটে পুলিশ কন্ট্রোল রুম ও ক্লোজড সার্কিট ক্যামেরা (সিসি) বসানোর পাশাপাশি পর্যবেক্ষণ টাওয়ার দিয়ে নিরাপত্তা পর্যবেক্ষণ করা হবে। হাটে চুরি, ছিনতাই, রাহাজানিসহ যেকোনো ধরনের আইন অমান্যের ঘটনা নিয়ন্ত্রণের জন্য পর্যাপ্ত ব্যবস্থা থাকবে। পশুর হাটে সন্ধ্যাকালীন ব্যাংকিং ব্যবস্থা চালু করা হবে। প্রয়োজনে পুলিশ টাকা বহনে সহযোগিতা করবে।
আছাদুজ্জামান মিয়া বলেন, কেউ যাতে মোটাতাজা করা গরু বিক্রি করতে না পারেন, সে জন্য পশু চিকিৎসকও হাটে থাকবেন। এ ছাড়া পশুর অতিরিক্ত হাসিল, চাঁদাবাজি ও শক্তি প্রদর্শনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। গাবতলী, সায়েদাবাদ, মহাখালী টার্মিনালে টিকিট কালোবাজারি, ছিনতাই, অজ্ঞান পার্টি, মলম পার্টি ও পকেটমারদের ঠেকাতে পর্যাপ্ত ফোর্স ও সাদাপোশাকে পুলিশ নিয়োজিত থাকবে। ইতিমধ্যে দুই শতাধিক অজ্ঞান পার্টির সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে বলে তিনি জানান।
ডিএমপির কমিশনার সংবাদ সম্মেলনে আরও বলেন, নিউমার্কেট, বসুন্ধরা, গুলশান, বনানীসহ বড় মার্কেটে পুলিশ মোতায়েন থাকবে। চাঁদনীচক, নিউমার্কেটে নারী পুলিশ মোতায়েন করা হবে। পশুর চামড়ার পাহারায় ১২টি নিরাপত্তাচৌকি বসানো হবে। শুধু আমিনবাজারের পথ খোলা রাখা হবে। কারণ, সাভারের হেমায়েতপুরে চামড়া প্রক্রিয়াজাতকরণ হয়।
ঈদুল আজহা উপলক্ষে অফিস-আদালত ও আবাসিক এলাকায় ডিএমপির পর্যাপ্তসংখ্যক টহল থাকছে। রাজধানীতে নিরাপত্তাচৌকি বসিয়ে সন্দেহভাজনদের গতিবিধি নজরদারি করা হবে। দুই সিটি করপোরেশনের নির্দিষ্ট স্থানে গরু জবাইয়ের উদ্যোগকে সহযোগিতা করবে পুলিশ।