হাটের জমি দখল, প্লট করে বিক্রি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহ সদর উপজেলার ডাকবাংলা বাজারের সরকারি ২২ শতক জমি রবিউল ইসলাম নামের এক ব্যক্তি দখল করে প্লট বানিয়ে বিক্রি করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। বর্তমানে এ জমির দাম কোটি টাকার বেশি।সরেজমিনে দেখা গেছে, ওই ২২ শতক জমি প্রাচীর দিয়ে ঘিরে ফেলা হয়েছে। এরই মধ্যে ৯ শতক জমি বিক্রি করা হয়েছে। এর পাশেই ব্যক্তিমালিকানাধীন জমিতে দোকান ও গোডাউন রয়েছে।জানা গেছে, রবিউল ইসলাম ওই জমির মালিকানা দাবি করে নিম্ন আদালতে একটি মামলা করেন। মামলায় একতরফা রায়ও পান। এই রায়ের ভিত্তিতে তিনি নাম খারিজের জন্য সদর উপজেলা ভূমি অফিসে আবেদন করেন। ভূমি অফিসের কর্মকর্তারা ২০১১ সালে তাঁর নামে জমিটুকু খারিজ করে দেন।সাধুহাটি ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, ‘সাধুহাটি মৌজার এসএ ৬৬ খতিয়ানের ২৮৫৭ দাগের ৩২ শতক জমির মধ্যে ২২ শতক এই হাটের অন্তর্ভুক্ত। এই জমি কাগজপত্রে সরকারের নামে। মামলা সম্পর্কে আমরা অবগত ছিলাম না। এ কারণে একতরফা রায় হয়েছে। ওই রায়ের বিরুদ্ধে ছানি মামলা করা হয়েছে। এ মামলা বিচারাধীন। মামলা চলাকালে এই জমির নাম খারিজের কোনো সুযোগ নেই। তা ছাড়া সরকারি জমি রক্ষায় সর্বোচ্চ আদালতে যেতে হবে।’সদর উপজেলার সাবেক সহকারী কমিশনার (ভূমি) আশরাফ হোসেন বলেন, ‘জেলা প্রশাসকের দপ্তরের আদেশ পেয়ে আমি এই নাম খারিজ করেছি। ওই আদেশে বলা হয়, সরকারি আইনজীবী (জিপি) তাঁর প্রতিবেদনে উল্লেখ করেছেন, ছানি মামলায় সরকার পক্ষের জয়লাভের সম্ভাবনা কম। এ কারণে ওই জমি সায়রাত রেজিস্ট্রার সংশোধন করে ডাকবাংলা হাটের তফসিল থেকে বাদ দিয়ে নকশা সংশোধন করা হোক।” এই আদেশ দিয়েছিলেন ঝিনাইদহের সাবেক জেলা প্রশাসক রমা রানী রায়।’সরকারি আইনজীবী সুবীর কুমার সমাদ্দার বলেন, ‘জেলা প্রশাসকের নির্দেশে আমার এই মতামত লেখা হলেও আমি এ জাতীয় কোনো প্রতিবেদন দিইনি। সরকার পক্ষের মামলায় জেতা কষ্টকর এটা কখনো লেখা যায় না।’ এ বিষয়ে জেলা প্রশাসক (বর্তমানে সচিবালয়ে কর্মরত) রমা রানীর সঙ্গে একাধিকবার কথা বলার চেষ্টা করলেও মুঠোফোনে তাঁকে পাওয়া যায়নি। ঝিনাইদহ সদর ভূমি অফিসের সহকারী কমিশনারের দায়িত্বে থাকা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কালাচাঁদ সিংহ বলেন, ‘এভাবে নাম খারিজ করা ঠিক হয়নি। সরকারি জমি রক্ষার জন্য প্রয়োজনে সর্বোচ্চ আদালতে যাওয়ার সুযোগ রয়েছে। জমিটি নাম খারিজ হলেও ছানি মামলায় সরকার পক্ষ জয়ী হলে আবার হাটের অনুকূলে নেওয়া সম্ভব। সেই ক্ষেত্রে যাঁরা ক্রয় করছেন, তাঁরা ক্ষতিগ্রস্ত হবেন।’রবিউল ইসলাম বলেন, ‘আমি আদালতের রায় পেয়ে জমিতে গেছি। সরকারের দপ্তর থেকে নাম খারিজ করিয়েছি। এখন জমি বিক্রি করছি। ইতিমধ্যে ৯ শতক বিক্রি করেছি। আমার কাগজপত্র না থাকলে রায় পেতাম না, এমনকি নাম খারিজও হতো না।’