হাটের জায়গা ফেরত চেয়ে সংবাদ সম্মেলন
কুমিল্লার হোমনা উপজেলার মুন্সির হাটের জায়গা ফেরত চেয়েছেন উপজেলার ছয়ফুল্লাকান্দি গ্রামের কয়েকজন বাসিন্দা। গ্রামের আট ব্যক্তি গতকাল রোববার সংবাদ সম্মেলন করে এ দাবি জানান।
মাথাভাঙ্গা বাজার কমিটির সভাপতি ছিদ্দিকুর রহমান আবুল সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন।
সংবাদ সম্মেলনে বলা হয়, ১৯৯৫ সালে গৌরীপুর-হোমনা সড়কের পাশে উপজেলার মাথাভাঙ্গা গ্রামে মুন্সির হাট নামে একটি বাজার করার উদ্যোগ নেন গ্রামের আবদুল মতিন। বাজার কমিটির সিদ্ধান্ত মোতাবেক ১৬৫ জনের টাকায় ৩ একর ৫৮ শতক জায়গা কেনা হয়। এর মধ্যে ২ একর ৬১ শতক জায়গার বাজার কমিটির হিসাব বইয়ে উল্লেখ করা হয় এবং ৯৭ শতক জায়গা আবদুল মতিনের নামে কেনা হয়।
পরে তিনি ১০১ জন সদস্যের মধ্যে মাত্র ৭৬ শতক জায়গা নিবন্ধন করে দেন। আর বাজারের মালিক হিসেবে জেলা প্রশাসকের নামে ৩৩ শতক জায়গা নিবন্ধিত হয়। বাকি জমি আবদুল মতিনের মৃত্যুর পর তাঁর উত্তরসূরিরা ভোগদখল করে আসছেন। জায়গা ফেরত চাইলে তাঁরা এলাকাবাসীকে ভয়ভীতি ও মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার হুমকি দিয়েছেন।
এ বিষয়ে কথা বলতে আবদুল মতিনের স্ত্রী সালমা বেগমের মুঠোফোনে অনেকবার চেষ্টা করা হয়। কিন্তু তিনি ফোন ধরেননি।
জায়গা ফেরত পেতে ছয়ফুল্লাকান্দি গ্রামের লোকজন গত ৫ জুলাই জেলা প্রশাসক ও ৯ আগস্ট হোমনা উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) কাছে আবেদন করেন।