হাটের জায়গা দখল করে দোকানঘর!
নোয়াখালীর সুবর্ণচর উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়নের ছমিরহাট বাজারে গরু-ছাগলের হাটের জায়গা দখল করে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা দোকানঘর তুলছেন বলে অভিযোগ উঠেছে। তবে দোকানঘর নির্মাণের সঙ্গে সংশ্লিষ্ট আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা দাবি করেছেন, তাঁরা কোনো জায়গা দখল করেননি; ওই জায়গাটি দীর্ঘদিন ধরে গরুর হাট না বসায় পরিত্যক্ত পড়েছিল। তাই তাঁরা সরকারি নিয়ম মেনে নির্ধারিত ফি জমা দিয়ে সংশ্লিষ্ট দপ্তর থেকে একসনা বন্দোবস্ত নিয়েছেন।সরেজমিনে ছমিরহাট বাজারে দেখা যায়, বাজারের বর্তমান গরুর হাটসংলগ্ন বেশ কিছু জায়গাজুড়ে নির্মাণ করা হচ্ছে নতুন টিনের দোকানঘর। এর মধ্যে একটি ঘর নির্মাণ করা হচ্ছে বাজারের একমাত্র পাবলিক টয়লেট ঘেঁষে। এতে টয়লেটটিতে সাধারণ মানুষের যাতায়াত বিঘ্নিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।বাজারের ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি হেলাল উদ্দিন প্রথম আলোকে বলেন, প্রায় দুই সপ্তাহ আগে থেকে হঠাৎ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও কৃষক লীগের ১৬-১৭ জন নেতা-কর্মী গরু-ছাগলের হাটের জায়গায় দোকানঘর নির্মাণ শুরু করেন। এতে করে হাটের জায়গা সংকুচিত হয়ে পড়ছে, যার দরুন হাটের ক্রেতা-বিক্রেতারা ভোগান্তির শিকার হবেন।এ বিষয়ে ইউনিয়ন ভূমি কার্যালয়ে গিয়ে তহশিলদার জামসেদ হোসেনকে জিজ্ঞাসা করলে তিনি প্রথমে কোনো তথ্য দিতে অপারগতা প্রকাশ করেন। পরে তিনিই আবার বলেন, ওই জায়গাটিতে একসময় গরু-ছাগলের হাট বসত। কয়েক বছর আগে হাট সম্প্রসারণ করে আরেক জায়গায় নিয়ে যাওয়ায় সেটি পরিত্যক্ত পড়েছিল। তাই খাসভূমি হিসেবে জায়গাটি কিছু লোকের মাঝে একসনা বন্দোবস্ত দেওয়া হয়েছে। বন্দোবস্ত পাওয়া ইউনিয়ন কৃষক লীগের সভাপতি আবুল কাশেম সরকার দাবি করেন, সেখানে গরু-ছাগলের হাট বসত এটা ঠিক; কিন্তু দীর্ঘদিন পরিত্যক্ত পড়ে থাকায় কয়েক মাস আগে তাঁরা জায়গাটি বন্দোবস্ত পাওয়ার জন্য আবেদন করেন। ভূমি অফিস যাচাই-বাছাই করে বন্দোবস্ত দেওয়ার পরই কেবল তাঁরা সেখানে ঘর নির্মাণ শুরু করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খালিদ মেহেদী হাসান বলেন, ‘ছমিরহাট বাজারের কিছু পরিত্যক্ত খাসভূমি কিছুদিন আগে একসনা বন্দোবস্ত দেওয়া হয়েছে বলে ভূমি অফিস থেকে আমাকে জানানো হয়েছে। এখন যেহেতু বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে, তাই বন্দোবস্তের ক্ষেত্রে নিয়মনীতির লঙ্ঘন হয়েছে কি না, তা খতিয়ে দেখা হবে।’