হাটের জায়গায় আ.লীগ নেতার অবৈধ স্থাপনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনট উপজেলার মথুরাপুর হাটে সরকারি জায়গা দখল করে পাকা স্থাপনা নির্মাণ করার অভিযোগে আওয়ামী লীগের নেতাসহ আটজনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। এতে জেলা প্রশাসক এবং ইউএনওকেও বিবাদী করা হয়েছে। চার ব্যক্তি বাদী হয়ে ৩ আগস্ট মামলাটি করেন।
আদালত গত বৃহস্পতিবার মামলা গ্রহণ করে প্রাথমিক শুনানি শেষে এ ব্যাপারে আর কারও অভিযোগ আছে কি না, জানতে চেয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের জন্য নির্দেশনা দিয়েছেন।
উপজেলা ভূমি কার্যালয় ও স্থানীয় সূত্র জানায়, মথুরাপুর হাটে ১ একর ২০ শতক সরকারি জায়গা রয়েছে। উপজেলা পরিষদ থেকে হাটটি প্রতিবছর ইজারা দেওয়া হয়। এ বছর উপজেলা আওয়ামী লীগের সদস্য আল হেলাল হাটটি ইজারা নিয়েছেন। সম্প্রতি ইজারাদার আল হেলালসহ আওয়ামী লীগের কয়েকজন নেতা হাটের জায়গায় দোকানঘর নির্মাণ করেন। প্রতিটি দোকানঘর বরাদ্দ দিয়ে ব্যবসায়ীপ্রতি দেড় থেকে আড়াই লাখ টাকা করে নেওয়া হচ্ছে।
এ ঘটনা নিয়ে গত ২৬ জুন প্রথম আলোয় ‘ধুনটে বাজারের জায়গায় অবৈধভাবে পাকা স্থাপনা নির্মাণ’ শিরোনামে প্রতিবেদন ছাপা হয়।
ইজারাদার আল হেলাল বলেন, ‘জেলা প্রশাসকের কাছে আবেদন করে ৩৮টি স্টল নির্মাণের অনুমতি পেয়েছি। সেই অনুমতিপত্র অনুযায়ী ঘর নির্মাণ করা হচ্ছে। অনেকে ঘর না পেয়ে মিথ্যা মামলা করেছেন।’