হাটের জায়গায় জনপ্রতিনিধির অবৈধ স্থাপনা নির্মাণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনটে হাটের জায়গা দখল করে পৌর কাউন্সিলর অবৈধভাবে স্থাপনা নির্মাণ করছেন। এ বিষয়ে ধুনট বাজার ব্যবসায়ী ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক লাল মিয়া গত রোববার উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার পৌর এলাকায় একটি হাট আছে। প্রতি সপ্তাহের শনি ও মঙ্গলবার সেখানে হাট বসে। প্রতিবছর ২৪ লাখ টাকায় এই হাট ইজারা দেওয়া হয়। কয়েক দিন ধরে এই হাটের দেড় শতাংশ খোলা জায়গা দখল করে ধুনট পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জুয়েল মল্লিক অবৈধভাবে পাকা স্থাপনা নির্মাণ করছেন। এ বিষয়ে হাটের ইজারাদার জহুরুল ইসলাম জানান, হাটের খোলা জায়গায় স্থাপনা নির্মাণ করা হলে ক্ষুদ্র ব্যবসায়ীদের বসার কোনো ব্যবস্থা থাকবে না। ক্ষুদ্র ব্যবসায়ীরা হাটে না এলে কেনাবেচা কমে যাবে। ফলে হাটের আয় কমে যাবে। ধুনট বাজার ব্যবসায়ী ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক লাল মিয়া বলেন, ‘হাটের জায়গা এভাবে দখল হয়ে গেলে সবাই ওই কাউন্সিলরের মতো সুযোগ নেওয়ার চেষ্টা করবে। ফলে একসময় হাট বসার জন্য কোনো খোলা জায়গা থাকবে না। এ কারণে বাজার ব্যবসায়ী ঐক্য পরিষদের সদস্যদের সিদ্ধান্ত নিয়ে ইউএনওর কাছে অভিযোগ দিয়েছি।’ পৌর কাউন্সিলর জুয়েল মল্লিক বলেন, ‘পৌরসভার সাবেক মেয়র আলিমুদ্দিনের কাছ থেকে অনুমতি নিয়ে আগে থেকে সেখানে টিনের ঘর তুলে ব্যবসা করেছি এবং এক বছর ধরে পৌরসভার তহবিলে নিয়মিত ভাড়া দিচ্ছি। বর্তমানে ঘরটি ভেঙে যাওয়ায় সেখানে পাকা স্থাপনা নির্মাণ করছি।’ পৌরসভার সাবেক মেয়র আলিমুদ্দিন জানান, হাটের জায়গায় স্থাপনা নির্মাণের জন্য কাউকে কোনো অনুমতি দেওয়া হয়নি। ইউএনও ফিরোজ শাহ জানান, বাজার ব্যবসায়ী ঐক্য পরিষদের অভিযোগ পাওয়া গেছে। ওই হাটে স্থাপনা নির্মাণের কাজ বন্ধের জন্য ব্যবস্থা নেওয়া হবে।