হাটের জায়গায় দোকানপাট রাস্তায় চলে কেনাবেচা
বছর দশেক আগেও রংপুরের তারাগঞ্জের হাটটি ছিল বেশ বড়সড় ও জমজমাট। এলাকার কৃষকেরা ধান, পাটসহ বিভিন্ন পণ্য নিয়ে আসতেন বিক্রি করতে। এখনো তাঁরা আসেন। কিন্তু হাটে আর তাঁদের পণ্য নামানোর জায়গা নেই। হাটের জায়গায় গড়ে উঠেছে স্থায়ী দোকানপাট। বাধ্য হয়ে কৃষকেরা পণ্য নিয়ে বসে যান হাটসংলগ্ন তারাগঞ্জ-কিশোরগঞ্জ সড়কের পাশে; কখনো বা একেবারেই সড়কের ওপরে। এতে সড়কে তীব্র যানজট সৃষ্টি হচ্ছে। সড়কের মাঝ বরাবর ধানের বস্তা নিয়ে বিক্রির জন্য দাঁড়িয়েছিলেন বালাপাড়া গ্রামের কৃষক মনির উদ্দিন। যানজটে আটকেপড়া যানগুলো ধীরগতিতে তাঁর গাঁ ঘেঁষে এগোতে থাকলেও তাঁকে বিচলিত মনে হলো না। তিনি বলেন, ‘কেউ কি ইচ্ছা করি রাস্তার ওপর বেচাকেনা করিবার আসে? হাটের ভিতরত হামার ফসল বেচবার চার আঙুল জায়গাও নাই। আস্তাত (রাস্তা) দোকান না দিয়া করমো কী?’ খোঁজ নিয়ে জানা গেছে, প্রতি সোম ও শুক্রবার তারাগঞ্জ হাটটি বসে। প্রতিদিন বসে বাজার। হাটের পূর্বপাশ দিয়ে ১০ কিলোমিটার যে সড়কটি কিশোরগঞ্জ উপজেলা সদরে চলে গেছে, সেই সড়কটি ধরে দুই উপজেলার কয়েক হাজার মানুষ ও যানবাহন চলাচল করে। হাটের চারদিকে গড়ে ওঠা ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানে পৌঁছাতে হয় এই সড়ক দিয়েই। তারাগঞ্জ বাজার ক্ষুদ্র বণিক সমবায় সমিতির সভাপতি অরুণ কুমার দে বলেন, ‘দোকানপাট উচ্ছেদের পর আমরা ব্যবসায়ীরা বাজারটির ভেতরে ধান, পাট, গমসহ কৃষকদের উৎপাদিত পণ্য বিক্রির নির্দিষ্ট জায়গা রাখার অনুরোধ স্থানীয় প্রশাসনকে করেছিলাম। কিন্তু আমাদের অনুরোধ রাখা হয়নি।’ বদরগঞ্জের পাঁচ সড়কের ওপর বাজার: রংপুরের বদরগঞ্জ পৌর শহরের পাঁচটি সড়কের ওপর আবারও প্রতিদিন বাজার বসছে। সৃষ্টি হচ্ছে যানজট। স্কুল ও কলেজগামী শিক্ষার্থীসহ সাধারণের চলাচল দুষ্কর হয়ে পড়েছে। জনদুর্ভোগ এড়াতে মাস তিনেক আগে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে সড়কগুলো বাজারমুক্ত করেছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মুনিরুজ্জামান। তিনি গত মাসের শুরুতে বদরগঞ্জ থেকে অন্যত্র বদলি হয়ে গেলে পুনরায় সড়কগুলো দখল করে বাজার বসানো হয়। জানা গেছে, পৌর শহরের হাসপাতাল সড়ক, থানা সড়ক ও রেজিস্ট্রি অফিস সড়ক, রেলওয়ে স্টেশন সড়ক ও উপজেলা ভূমি কার্যালয় সড়কের ওপর প্রতিদিন বাজার বসছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্স চালক রফিকুল ইসলাম বলেন, হাসপাতাল সড়কে কাঁচা বাজার বসায় দ্রুততম সময়ে মুমুর্ষূ রোগী নিয়ে হাসপাতালে যাওয়া কষ্টসাধ্য হয়ে পড়ে।পৌর শহরের ভেতরে তিনটি কলেজ, তিনটি মাধ্যমিক, দুটি নিম্নমাধ্যমিক, তিনটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও তিনটি মাদ্রাসা রয়েছে। ওই পাঁচ সড়কে বাজার বসায় শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের যাতায়াতে প্রতিদিন দুর্ভোগ পোহাতে হয়। বদরগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের ছাত্রী সাবানা খাতুন বলেন, ‘হাসপাতাল সড়ক দিয়ে কলেজে অতিকষ্টে যাতায়াত করতে হয়। কিন্তু হাটবারে দুর্ঘটনা এড়াতে কলেজে যাই না।’ বদরগঞ্জ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ফজলে রাব্বি বলেন, জায়গার অভাবে সড়কের ওপর বাজার বসে। এতে জনদুর্ভোগ হয়। বদরগঞ্জ পৌরসভার মেয়র উত্তম কুমার সাহা বলেন, হাট-বাজারের জায়গাটি প্রয়োজনের তুলনায় অপ্রতুল। এ কারণে ছোট ব্যবসায়ীরা সড়কে বাজার বসান। অন্যত্র জায়গা করে দিলেও ব্যবসায় মার খাওয়ার কারণে তাঁরা যেতে চান না।