হাটের টাকা ব্যয় হয় পৌরসভায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শেরপুর পৌরসভার বারোদুয়ারী হাট থেকে মোটা অঙ্কের অর্থ আয় হলেও এর উন্নয়নে প্রয়োজনীয় নজরদারি নেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। হাটের ইজারা বাবদ পাওয়া অর্থ ব্যয় করা হয় পৌরসভার নানা খাতে।
কর্তৃপক্ষ হাটের উন্নয়নে প্রয়োজনীয় অর্থ ব্যয় না করায় দিন দিন ভোগান্তি বাড়ছে ক্রেতা-বিক্রেতাদের। সপ্তাহের প্রতি সোম ও বৃহস্পতিবার বসে এ হাট।
সাধারণ ব্যবসায়ীদের অভিযোগ, উপজেলার সবচেয়ে বড় এ হাটটির উন্নয়নে পৌর কর্তৃপক্ষের কোনো নজর নেই। এতে ক্রেতা-বিক্রেতা সবাইকেই দুর্ভোগ পোহাতে হয়। বর্ষা আসছে। তখন দুর্ভোগ আরও বাড়বে।
সম্প্রতি হাটে গিয়ে দেখা যায়, চালের বাজারে দুটি ও গরু-ছাগল বিক্রির এলাকায় একটি নলকূপ রয়েছে। তা ছাড়া বিশাল এ হাটে আর কোনো নলকূপ নেই। নেই কোনো শৌচাগারও। পানিনিষ্কাশনের নালাগুলোও ভরাট হয়ে গেছে। এক থেকে দেড় যুগ আগে যেসব শেড নির্মাণ করা হয়েছিল, তা-ও ভেঙে পড়েছে।
চালবাজারের ব্যবসায়ী মো. সুলতান বলেন, ‘নলকূপ নষ্ট হলে পৌরসভা থেকে মেরামত করা হয় না। দায়ে পড়ে আমাদেরই মেরামত করে নিতে হয়।’
হাট ইজারাদারের তত্ত্বাবধায়ক তারিকুল ইসলাম বলেন, গত পাঁচ বছরে গরু বিক্রি মহালের কিছু অংশের সড়ক পাকা ও চালবাজারের সড়কের কিছু অংশে ইট-বালুর খোয়া ফেলানো হয়েছে। উন্নয়ন বলতে এটুকুই। হাটের প্রতিটি স্থানে ক্রেতা-বিক্রেতাদের দুর্ভোগ বেড়েই চলছে।
শেরপুর পৌরসভার প্যানেল মেয়র (৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর) ফিরোজ আহম্মেদ স্বীকার করেন, হাটের উন্নয়নে নীতিমালা অনুযায়ী অর্থ ব্যয় করতে পারেননি তাঁরা। শতকরা ২০ ভাগ ব্যয় করে অবশিষ্ট টাকা তাঁদের ব্যয় করতে হয়েছে পৌরসভার কর্মচারীদের বেতন ও জনপ্রতিনিধিদের সম্মানী ইত্যাদি খাতে।
পৌরসভার সচিব দীলিপ মহন্ত বলেন, বাংলা সন অনুযায়ী গত পাঁচ বছরে এ হাট থেকে ইজারা পাওয়া গেছে প্রায় তিন কোটি ৮৩ লাখ টাকা। ২০১১ সালের সরকারি নীতিমালা অনুযায়ী কোনো হাটের মোট ইজারামূল্যের শতকরা ৪৫ ভাগ ওই হাটের উন্নয়নে ব্যয়ের নির্দেশনা রয়েছে। সে ক্ষেত্রে পাঁচ বছরে এ হাটের উন্নয়নে প্রায় ১ কোটি ৭২ লাখ টাকা ব্যয় হওয়ার কথা।
পৌরসভার সহকারী প্রকৌশলী শফিকুল ইসলামের ভাষ্যমতে, গত পাঁচ বছরে হাট থেকে পাওয়া টাকার শতকরা ২০ ভাগ ( প্রায় ৩৪ লাখ ৪৬ হাজার টাকা) হাটের উন্নয়নে ব্যয় করা হয়েছে। হাটের ভেতর আলোর ব্যবস্থা, নালা পরিষ্কার, সড়ক পাকাকরণ, নলকূপ স্থাপন ও মেরামতকাজে এ অর্থ ব্যয় হয়।