হাটের মাঝে মরা গাছ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পৌরসভা হাটের মাঝে দাঁড়িয়ে থাকা মরা শিমুলগাছটি দীর্ঘদিনেও কেটে অপসারণ না করায় ক্রেতা-বিক্রেতারা আতঙ্কে আছেন। পীরগঞ্জ পৌরসভা হাটের মুদি দোকানদার হুসেন আলী বলেন, ‘বৃষ্টি হলেই আল্লাহকে ডাকি। উত্তর-পশ্চিম আকাশে মেঘ দেখলে জানে পানি থাকে না। তখন দোকান বন্ধ করে দূরে চলে যাই। ওই গাছটা ভেঙে কার ওপর যে পড়বে, কার ভাগ্যেই যে মরণ লেখা আছে কে জানে!’হাটের একাধিক দোকানদার ও ক্রেতা-বিক্রেতা জানান, শতবর্ষী মরা শুকনো শিমুলগাছটি কয়েক বছর ধরে বিপজ্জনকভাবে দাঁড়িয়ে আছে হাটের মাঝখানে। সময়ে-অসময়ে একটু বাতাসেই ভেঙে পড়ছে গাছের ডালপালা। গত বছর কালবৈশাখীর সময় ওই গাছের একটি বড় ডাল ভেঙে পড়ে পান ব্যবসায়ী টুলু মিয়ার দোকানঘরটি মাটিতে মিশে যায়। এ সময় পাশের কয়েকটি দোকানও ক্ষতিগ্রস্ত হয়। পরে বিভিন্ন সময় ডাল ভেঙে পড়ে কেউটগাঁও গ্রামের সুকনালসহ তিনজন হাটুরে আহত হন।হাট কমিটির সভাপতি পৌর কাউন্সিলর রসিদুল ইসলাম বলেন, ‘প্রতিদিন সকাল থেকে রাত ১০টা পর্যন্ত হাট চালু থাকায় সব সময়েই ক্রেতা-বিক্রেতার ভিড় থাকে এ হাটে। ওই গাছের নিচে গেলেই সবাই আতঙ্কে থাকে কখন যেন ডাল ভেঙে পড়ে।’পীরগঞ্জ পৌরসভার মেয়র রাজিউর রহমান বলেন, ‘গাছটি কেটে সরাতে না পারায় খুবই চাপের মুখে আছি। প্রায় দেড় বছর থেকে স্থানীয় সরকার বিভাগের সচিবসহ বিভিন্ন দপ্তরে কাগজপত্র চালাচালি করেছি। জনস্বার্থে গাছটি কাটা খুবই জরুরি হয়ে পড়েছে, কিন্তু কাগজ-কলমের মারপ্যাঁচের কারণে গাছটি কাটা সম্ভব হচ্ছে না।’