হাটের হট্টগোলে পরীক্ষা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সকাল সাড়ে নয়টা! বিয়েবাড়ির শামিয়ানা তৈরির মতো শেষ মুহূর্তের কাজে ব্যস্ত ডেকোরেটরের লোকজন। শামিয়ানার আশপাশে শিশুদের কোলাহল। পাশেই একটি চায়ের দোকানে লোকজনের আড্ডা। একজন মন্তব্য করলেন, ‘এইডা কোনো পরীক্ষা হল অইল? বাজারের মানুষ চারদিক দিয়া আহে-যায়। এত শব্দের মধ্যে ছাত্রছাত্রীরা কী কইরা পরীক্ষা দিব?’ কথা হচ্ছিল বরিশালের উজিরপুর উপজেলার সাতলা বাজারে অবস্থিত প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষাকেন্দ্র নিয়ে।জানা গেছে, উপজেলার সাতলা ইউনিয়নের ২৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও দুটি মাদ্রাসার ৫২১ জন শিক্ষার্থীর জন্য মধ্য সাতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রটি নির্ধারণ করা হয়। ওই স্কুলের প্রধান শিক্ষক ও কেন্দ্রসচিব মো. ছোহরাব হোসেন জানান, ‘স্কুলটি বাজারের মধ্যে পড়েছে। পর্যাপ্ত জমি না থাকায় স্কুলের পেছনে বাজারের খোলা জায়গায় পরীক্ষা নেওয়ার উদ্যোগ গ্রহণ করা হয়। এ জন্য ডেকোরেটর ভাড়া নিয়ে শামিয়ানা টানিয়ে চারপাশে রঙিন কাপড়ের ঘের দিয়ে পরীক্ষাকেন্দ্রটি তৈরি করা হয়েছে।’ কেন্দ্রসচিব জানান, শামিয়ানার নিচে ৩০০ পরীক্ষার্থী আর বাকিরা স্কুলভবনে বসে পরীক্ষা দিচ্ছে।স্কুল কমিটির সভাপতি মো. ফাইজুল হক জানান, পরীক্ষাকেন্দ্রটি তৈরি করতে ১০ হাজার টাকা ব্যয় হয়েছে। এই অর্থের জোগান দিয়েছেন অভিভাবক ও স্থানীয় ব্যবসায়ীরা। বাজারের ব্যবসায়ী ইদ্রিস মিয়া জানান, প্রতি বুধ ও রোববার বাজারে সাপ্তাহিক হাট বসে। হাটের হট্টগোলের মধ্যেই পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীদের সমস্যার কথা স্বীকার করে উজিরপুর উপজেলার ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা মো. হারুন অর রশিদ বলেন, ‘আমরা ইউনিয়ন পরিষদ ভবনে পরীক্ষাকেন্দ্র স্থাপন করার নির্দেশ দিয়েছি। কিন্তু কেন্দ্রসচিব ও স্কুল কমিটি তা পরিবর্তন করে নিয়েছেন।’ শিক্ষা কর্মকর্তার বক্তব্য প্রত্যাখ্যান করে স্কুল ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. ফাইজুল হক বলেন, ‘শিক্ষা কর্মকর্তার সঙ্গে আলোচনা করেই সবকিছু করা হয়েছে।’