হাটে-মাঠে ধান নিয়ে বিপাকে কৃষক
শরীয়তপুরে বোরো ধানের উৎপাদন খরচের চেয়ে হাটে দাম কম থাকায় কৃষকেরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। মাঠ থেকে ধান কাটার শ্রমিকও পাওয়া যাচ্ছে না। ফলে বেকায়দায় পড়েছেন তাঁরা।
ভেদরগঞ্জ উপজেলার পাপরাইল গ্রামের কৃষক নুরুল আমিন বলেন, ‘বাজারে ধানের দাম কম। এ বছর উৎপাদন খরচের চেয়ে কম দামে ধান বিক্রি করতে হচ্ছে। জমি থেকে ধান কাটার শ্রমিক পাওয়া যাচ্ছে না। ধান নিয়ে বিপাকে পড়েছি। এ বছর ধান নিয়ে হাটে-মাঠে আমাদের কান্নার শেষ নেই।’
সদর উপজেলার হুগলি গ্রামের আনোয়ার বাছার এক একর জমিতে বোরো আবাদ করেছেন। তিনি বলেন, বীজ, শ্রমিক, সার, সেচ খরচ ও ধান মাড়াই খরচ বাবদ তাঁর শতকপ্রতি ৫৫০ টাকা খরচ হয়েছে। তিনি প্রতি শতকে ধান পেয়েছেন ৩০ কেজি। বর্তমান বাজারে ভালো মানের ধান প্রতি কেজির দাম ১২ থেকে ১৩ টাকা। সে হিসাবে প্রতি শতকে উৎপাদিত ৩০ কেজি ধান ৩৬০ থেকে ৩৯০ টাকায় বিক্রি করা যাচ্ছে। প্রতি শতকে তাঁর লোকসান হয়েছে ১৬০ টাকা এবং এক একর জমিতে ১৬ হাজার টাকা।
শুধু নুরুল আমিন ও আনোয়ার বাছারই নন, বোরো আবাদ করে ক্ষতির সম্মুখীন হয়েছেন শরীয়তপুরের কয়েক হাজার কৃষক। আনোয়ার বাছার বলেন, ‘আবাদ করার সময় ৩০ হাজার টাকা ঋণ নিয়েছিলাম। ধান বিক্রি করে শোধ করার কথা। ধানের দাম কম থাকায় উৎপাদন ব্যয়ই উঠছে না। কীভাবে ঋণ শোধ করব?’
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, এই মৌসুমে শরীয়তপুরে ২৮ হাজার ১৫০ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। এসব জমিতে ১ লাখ ৫৮ হাজার ৭৪৬ মেট্রিক টন ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
ডামুড্যা উপজেলার সিধুলকুরা গ্রামের দেলোয়ার হোসেন বলেন, ‘একজন শ্রমিক এক দিন ধান কাটা ও মাড়াই বাবদ ২৫ কেজি ধান পান। এর বাজারমূল্য ৩০০ টাকা। আমাদের এলাকায় ৩০০ টাকা মজুরিতে শ্রমিক পাওয়া যাচ্ছে না। ধান কাটতে না পেরে বিপাকে পড়েছি।’
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কবির হোসেন বলেন, বাজারে ধানের দাম কম থাকায় কৃষকেরা বিপাকে পড়েছেন। সরকার কৃষকদের কাছ থেকে কেজিপ্রতি ২৩ টাকা দামে ধান কেনার ঘোষণা দিয়েছে। এ কার্যক্রম শুরু হলে কৃষকেরা কিছুটা ক্ষতি পোষাতে পারবেন।