হাডুডু খেলার পুরস্কার মেছো বাঘ!
মহা আয়োজনে চলছিল হাডুডু খেলার প্রস্তুতি। আয়োজকদের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছিল, বিজয়ী দলকে পুরস্কার দেওয়া হবে জলজ্যান্ত একটি মেছোবাঘ। ‘বাঘ’ জেতার লোভে মোটা অঙ্কের নিবন্ধন ফি দিয়ে বেশ কয়েকটি দল প্রতিযোগীর তালিকায় তাদের নামও লিখিয়েছিল। তবে শেষ পর্যন্ত বন বিভাগ মেছো বাঘটিকে নিয়ে যাওয়ায় সব আয়োজন ব্যর্থ হয়ে যায়। গতকাল সোমবার সিলেটের জৈন্তাপুর উপজেলার হাটিরগ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় ব্যক্তিরা জানান, ভোরে স্থানীয় লোকজন জাল দিয়ে একটি মেছো বাঘ ধরে। বেড়া দিয়ে ঘেরা জায়গায় আটকে রেখে বাঘটি প্রদর্শনের ব্যবস্থা করা হয়। এরপর কয়েকজন লোক হাডুডু খেলার আয়োজন করে। বিজয়ী দলকে পুরস্কার হিসেবে মেছো বাঘটি দেওয়ার ঘোষণা দেওয়া হয়। বন বিভাগের লোকজন মেছো বাঘটি উদ্ধার করতে গেলে এলাকাবাসী সেটিকে তাঁদের হাতে দিতে অস্বীকৃতি জানান। বন বিভাগ উত্তর সিলেটের (রেঞ্জ-২) বিট কর্মকর্তা মিজানুর রহমান জানান, প্রথমে অস্বীকৃতি জানালেও বিকেল চারটায় এক দল পুলিশ নিয়ে যাওয়ার পর খেলার আয়োজকেরা মেছোবাঘটি তাঁদের হাতে তুলে দেন। পরে সিলেটের খাদিমনগরের সংরক্ষিত উদ্যানে সেটি ছেড়ে দেওয়া হয়। বন বিভাগ উত্তর রেঞ্জের কর্মকর্তা মোহাম্মদ আলী প্রথম আলোকে জানান, জৈন্তাপুরসহ জকিগঞ্জ এবং কানাইঘাট উপজেলার গ্রামগুলোতে অনেক আগে থেকেই মেছো বাঘ নিয়ে হাডুডু খেলার রেওয়াজ আছে। বাঘ শৌর্য ও বীরত্বের প্রতীক বলে খেলায় জিতে তা পুরস্কার পাওয়াকে তারা গর্বের বিষয় মনে করে।