
হাতের ইশারায় থেমে যাচ্ছে ব্যস্ত যানবাহন। পথচারীরা দলবেঁধে সড়কে নামছেন। কিছু এগিয়ে বিভাজকে গিয়ে থামছেন। এরপর হাত উঁচিয়ে থামিয়ে দিচ্ছেন দ্রুতগামী যানবাহনের গতি। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কুড়িল-বিশ্বরোড এলাকায় রেলগেটের সামনের সড়ক পারাপারের এ দৃশ্যটি খুবই পরিচিত।
কিন্তু মহাসড়কের এ স্থানে, অল্প দূরেই আছে একটি পদচারী-সেতু। কুড়িল-বিশ্বরোড উড়ালসড়কের বিশ্বরোড অংশের গোড়ার এ পদচারী-সেতুটি শুধু স্থাপনা হিসেবেই সৌন্দর্য বাড়াচ্ছে। সাধারণ লোকজনের কেউ এটি ব্যবহার করছেন না।
আশপাশের কয়েকজন দোকানি ও স্থানীয় ব্যক্তিরা জানান, ঝুঁকিপূর্ণ সড়ক পারাপারের কারণে প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। যানজটের সৃষ্টি হচ্ছে। একজন ফলবিক্রেতা জামাল মিয়া বললেন, ‘ওভারব্রিজে না উইঠা রাস্তা দিয়া গেলে তো দুর্ঘটনা ঘটবই। কিছুদিন আগে দেখছি, বাসের ধাক্কা লাইগা একজনের হাত ভেঙে গেছে।’
গতকাল সরেজমিন দেখা গেল, আবদুল্লাহপুর, গাজীপুর ও উত্তরাগামী সব ধরনের গণপরিবহনই মহাসড়কের এ জায়গায় (কুড়িল-বিশ্বরোড উড়ালসড়কের নিচে) দাঁড়িয়ে যাত্রী ওঠানামা করে। অন্য পাশেও একই অবস্থা। আবদুল্লাহপুর ও গাজীপুর থেকে ছেড়ে আসা লোকাল বাসগুলোও বিশ্বরোড রেলগেট বাসস্টপে থামে। সেই সঙ্গে মহাসড়কের এ অংশের দুপাশেই আছে পরপর চারটি ছোট আকারের গতিরোধক। ফলে সাধারণ মানুষ সহজেই জায়গাটিকে রাস্তা পারাপারের কাজে ব্যবহার করতে পারছেন।
গতকাল বিশ্বরোড পুলিশ বক্সে দায়িত্বরত ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি), ট্রাফিক উত্তর বিভাগের পুলিশ সার্জেন্ট মো. মাহফুজ প্রথম আলোকে বলেন, ‘পাবলিক না গেলে আমরা কী করব? ফুটওভারব্রিজ আছে, তাতে লোক ওঠে না। রাস্তা দিয়েই যাওয়া-আসা করে।’
পদচারী-সেতুতে না ওঠার কারণ জানতে চাইলে পথচারী রুবেল হাওলাদার বলেন, ‘পদচারী-সেতুতে সিঁড়ির সংখ্যা অনেক। উঠতে কষ্ট হয়। আসলে বাসস্টপের কারণেই আমরা সড়কের ওপর দিয়ে যাতায়াত করি।’
ঝুঁকি নিয়েই মহাসড়ক পার হচ্ছেন স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, কর্মজীবী ও সাধারণ মানুষ। সাধারণের এ যাতায়াত বন্ধ করতে সড়কের ওপর ছোট কংক্রিটের স্তম্ভ আর বাঁশ দিয়ে অস্থায়ী সড়ক বিভাজক দেওয়া হলেও লোকজন মানছে না। গন্তব্যের দূরত্ব কমাতেও অনেকে সড়ক পারাপারে এ পথ ব্যবহার করছেন। রেলগেট পেরিয়ে সহজেই কুড়াতলী, কোকাকোলা, বসুন্ধরা আবাসিক এলাকা, বাঁশতলা, বারিধারা, গুলশান-২, নতুন বাজার, উত্তর ও মধ্য বাড্ডাসহ আশপাশের বিভিন্ন এলাকায় যাওয়া যায়।
বিষয়টি জানালে ডিএমপির ট্রাফিক উত্তর বিভাগের উপকমিশনার প্রবীর কুমার রায় প্রথম আলোকে বলেন, ‘সবাই শিক্ষিত মানুষ। তাঁরা যদি দলে দলে রাস্তা পার হতে থাকেন, আমরা কতক্ষণ পারব? আমরা মাইকিং করেছি, সাইনবোর্ড টানিয়েছি। তারপরও মানুষ পদচারী-সেতু ব্যবহার করছেন না।’