হাত কেটে ফেলা হয়েছে সেই রিকশাচালকের
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চরমোহনা গ্রামের রিকশাচালক আলমগীর হোসেনের হাত কেটে ফেলা হয়েছে। গত বুধবার দিবাগত রাতে নোয়াখালীর এশিয়ান হাসপাতালে চিকিৎসকেরা তাঁর হাত কেটে ফেলেন।এর আগে আলমগীর লক্ষ্মীপুর সদর উপজেলার দালালবাজার ইউনিয়নের কামানখোলার হাতুড়ে চিকিৎসক শহিদ উল্যার অপচিকিৎসার শিকার হন। তাঁর বিরুদ্ধে থেরাপির নামে আলমগীরের হাতে বৈদ্যুতিক শক দেওয়ার অভিযোগ ওঠে। অবস্থার অবনতি হলে আলমগীরকে এশিয়ান হাসপাতালে ভর্তি করা হয়।এশিয়ান হাসপাতালের সার্জারি বিশেষজ্ঞ ডা. জসিম উদ্দিন চৌধুরী মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ভুল চিকিৎসার কারণে হাতের রক্ত চলাচল বন্ধ হয়ে যায়। এতে মাংসপেশি নষ্ট হয়ে পচন ধরে। এ অবস্থায় তাঁর হাত কাটা ছাড়া কোনো উপায় ছিল না। এ জন্য হাতের কনুইয়ের নিচের অংশ কেটে ফেলা হয়। আলমগীরের ভাগনে মো. রাজু জানান, তাঁর মামার সহায়-সম্বল নেই। হাসপাতালের চিকিৎসার খরচ দেওয়ার মতো কোনো সাধ্য নেই। যাঁর অপচিকিৎসার কারণে হাত হারা হতে হয়েছে, সেই ভুয়া চিকিৎসক শহিদ উল্যার শাস্তি দাবি করেন তিনি। ২১ মে প্রথম আলোতে ‘হাতুড়ে চিকিৎসকের অপচিকিৎসা— ক্যান্নে ছালাইয়্যাম অ্যাই রিকশা’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়েছিল।