হাত দুটি পেছনে বাঁধা। চোখ বাঁধা মাফলার দিয়ে। রড দিয়ে কোমরের নিচে একের পর এক আঘাত করা হচ্ছে। উপুড় হয়ে মেঝেতে পড়ে আছেন তিনি। পা বেয়ে রক্ত পড়ছে মেঝেতে। আর রডের আঘাতে ক্ষণে ক্ষণে বেরিয়ে আসছে আর্তচিত্কার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হলের অতিথিকক্ষে মঙ্গলবার মধ্যরাতের চিত্র। ইসলামিক স্টাডিজ বিভাগের মাস্টার্সের ছাত্র মো. জাহিদুল ইসলামকে মারধর করছিলেন ছাত্রলীগের কর্মীরা। তিনি হলের ৬৪৬ নম্বর কক্ষের বাসিন্দা।
৫৭২ নম্বর কক্ষ থেকে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ছাত্র মুস্তাফিজুর রহমানকেও রড দিয়ে পেটানো হয়। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এসে তাঁদের উদ্ধার করেন। দুজনেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। অভিযোগ রয়েছে, ছাত্রলীগের হল শাখার সাধারণ সম্পাদক আরেফিন সিদ্দিক ওরফে সুজনের নির্দেশে তাঁদের মারধর করা হয়।
ছাত্রলীগের নেতা-কর্মীদের অভিযোগ, জাহিদুল ও মুস্তাফিজ ছাত্রশিবিরের রাজনীতির সঙ্গে যুক্ত। ওই সময় অতিথিকক্ষে থাকা অন্য ছাত্র এবং হলের সাধারণ শিক্ষার্থীরা জানিয়েছেন ভিন্ন কথা। তাঁরা বলেন, ছাত্রদলের কর্মী অভিযোগে মারধর করা হয়েছে তাঁদের। ছাত্রদের অভিযোগ, হলের এক আবাসিক শিক্ষক ঘটনাস্থলে এলেও তিনি থামানোর চেষ্টা করেননি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জাহিদুল প্রথম আলোর কাছে দাবি করেন, তাঁকে ছাত্রলীগের পদবি দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু তিনি নিতে অস্বীকার করায় মারধর করা হয়েছে। তিনি কোনো রাজনীতির সঙ্গে জড়িত নন। মুস্তাফিজুর রহমান বলেন, রাতে হঠাত্ করেই কয়েকজন তাঁর কক্ষে গিয়ে তাঁকে জোরপূর্বক নিয়ে আসে। তিনি জানেন না তাঁকে আসলে কেন মারা হয়েছে। তাঁর ডান পায়ের হাড়ে একাধিক জায়গা ভেঙে গেছে এবং হাতের তিনটি আঙুল থেঁতলে গেছে।
আবাসিক শিক্ষক বাহাউদ্দিন বলেন, ‘ওই ছাত্রকে মারধর করা হচ্ছে, সেটা জেনেই আমি ছুটে আসি। আমি আসার পর আর মারধর করতে পারেনি।’ মারার কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘শিবির অপবাদ দিয়ে মারা হয়েছে বলে শুনেছি।’ জানতে চাইলে ঘটনার সময় হলে ছিলেন না বলে দাবি করেন আরেফিন সিদ্দিক। তিনি বলেন, কনিষ্ঠ কর্মীরা অতিথিকক্ষে মারধর করছে জানতে পেরে তিনি নীলক্ষেত থেকে ছুটে আসেন।