হাত জোড় করে বলি, ইমারত বিধিমালা মেনে চলুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আপনাদের কাছে হাত জোড় করে বলি, ভবন তৈরির সময় ইমারত বিধিমালা মেনে চলুন। আসুন, আমরা আইন মেনে চলি...এখনো যদি আমরা জেগে না উঠি, বিধিমালা মেনে না চলি, তাহলে আমাদের আরও ভয়াবহ খেসারত দিতে হবে।’ গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান গতকাল শনিবার পূর্ব নাখালপাড়ার সমিতিবাজার এলাকায় একটি ভবন হেলে পড়ার খবর পেয়ে সন্ধ্যায় সেখানে যান। এ সময় তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।এর আগে বিকেলে পূর্ব নাখালপাড়ার সমিতি বাজার জামে মসজিদসংলগ্ন ৫২৭/১ নম্বর ভবনটি হেলে পড়ার খবর পাওয়া যায়। এলাকায় গিয়ে দেখা যায়, চারতলা এ ভবনটির ওপরে টিন দিয়ে আরেকটি তলা তৈরি করা হয়েছে। র‌্যাব, পুলিশ ও দমকল বাহিনীর কর্মীরা ভবনটি ঘিরে রেখেছেন। পুরো ভবনটিই মেস হিসেবে ব্যবহূত হতো। ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মনির হোসেন প্রথম আলোকে জানান, তাঁরা ভবনের বাসিন্দাদের বের করে নিয়ে এসেছেন। ভবনটিতে থাকতেন এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডের কর্মী আবুল কালাম আজাদ। তিনি জানান, বিকেল পাঁচটার দিকে ভবনটি হেলে পড়ার খবর পেয়ে দ্রুত বাসায় আসেন। তিনি তড়িঘড়ি করে জিনিসপত্র বের করে নিয়ে আসেন। তবে আবুল কালাম দাবি করেন, ১০ বছর ধরে তিনি ভবনটিতে আছেন এবং সেটি সব সময় এ রকমই দেখে এসেছেন। কেউ শত্রুতা করে ভবনটি হেলে পড়ার খবর দিয়ে থাকতে পারে।গতকাল দিনভর ঢাকার বিভিন্ন এলাকায় ভবন হেলে পড়ার গুজব ছড়ায়। পুরান ঢাকার গেন্ডারিয়া ও ধানমন্ডিতেও ভবন হেলে পড়ার খবর পাওয়া যায়। তবে ঘটনাস্থলে গিয়ে এর কোনো সত্যতা পাওয়া যায়নি।প্রতিমন্ত্রীর অনুরোধ: প্রতিমন্ত্রী বলেন, ‘গত কয়েক দিনে ঢাকায় যা যা হয়েছে, তা থেকে আমাদের শিক্ষা নিতে হবে। ভবন করার সময় যা যা করা প্রয়োজন, তা না করলে ফল কী হয়, তা-ই আমরা দেখতে পেয়েছি।’ এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী অবৈধ ও ঝুঁকিপূর্ণ স্থাপনার বিরুদ্ধে ব্যবস্থা নিতে না পারার জন্য গণমাধ্যমকে দোষারোপ করেন। তিনি বলেন, ঝুঁকিপূর্ণ ভবনের বিষয়ে সরকার সজাগ ও সচেতন। কিন্তু অবৈধ স্থাপনা ও বস্তি উচ্ছেদ করতে গেলে অনেক চিহ্নিত গোষ্ঠী বিরোধিতা করে। পত্রিকাও বড় বড় করে শিরোনাম করে তাদের পক্ষ নেয়।আরেক প্রশ্নের জবাবে আব্দুল মান্নান খান বলেন, আইন অমান্য যিনিই করুন, তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তবে মনে রাখবেন, আইন যত কঠিন হোক না কেন, যাদের ওপর আইন প্রয়োগ করা হবে, তারা আইনের প্রতি শ্রদ্ধা না দেখালে কাজ হবে না।