হাত দুটি এত ছোট তাতে কী?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গোলাম মওলা
গোলাম মওলা

শরীরের অন্য অঙ্গের তুলনায় দুই হাত খুবই ছোট। আঙুল নেই বললেই চলে। সেই হাত দিয়ে কোনো কাজ করতে পারে না। তবু পড়ালেখা চালিয়ে যাচ্ছে দরিদ্র পরিবারের শিশুটি।

শিশুটির নাম গোলাম মওলা (১০)। বাবার নাম কামাল শেখ। বাড়ি বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের মাতলাখালী গ্রামে। গোলাম মওলা মাতলাখালী নুরানি হাফেজিয়া মাদ্রাসার তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।

গোলাম মওলার মামা শফিকুল ইসলাম বলেন, তাঁর ভগ্নিপতি কামাল শেখ কৃষিশ্রমিক। কোনোমতে চার সদস্যের সংসার চলে। গোলাম মওলারা দুই ভাইবোন। গোলাম মওলা জন্মপ্রতিবন্ধী হলেও তাকে কোনো ভাতা দেওয়া হয় না। বিভিন্ন দপ্তরে ঘোরাঘুরি করেও কোনো কাজ হয়নি। শিশুটিকে প্রতিবন্ধী ভাতা দেওয়া হলে সে ভালোভাবে পড়ালেখা চালিয়ে যেতে পারত।

প্রতিবন্ধী হলেও পড়াশোনায় খুবই মনোযোগী গোলাম মওলা। তবে মূল সমস্যাটা হয় পরীক্ষার সময়। কারণ, ছোট দুটি হাত দিয়ে সে লিখতে পারে না। ফলে অন্য কাউকে দিয়ে লিখিয়ে নিতে হয়।

বহরপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রেজাউল করিম বলেন, ইউপির পক্ষ থেকে প্রতিবন্ধীদের ভাতা দেওয়া হয়। কিন্তু তা প্রয়োজনের তুলনায় কম। এ কারণে সবাইকে দেওয়া সম্ভব হয় না। ইউনিয়নে বিভিন্ন ধরনের ৬৪০ জন প্রতিবন্ধী আছে। ঈদের আগেই ৩৭ জন প্রতিবন্ধীকে সহায়তা দেওয়া হবে। তালিকায় গোলাম মওলার নাম রয়েছে। চেয়ারম্যান আশা করছেন, ঈদের আগেই তাকে ভাতা দেওয়া সম্ভব।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা এহিয়াতুজ্জামান বলেন, ‘প্রতিবন্ধী হওয়ার পরও গোলাম মওলা লেখাপড়া চালিয়ে যাচ্ছে, বিষয়টি শুনে আমার ভালো লাগল। তার বিষয়টি আমার জানা ছিল না। আমি শিশুটিকে প্রতিবন্ধী ভাতা দেওয়ার ব্যবস্থা করব।’