হাত ধোয়া দিবস আছে, গণহত্যা দিবস নেই

একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, দেশে হাত ধোয়া দিবস পর্যন্ত আছে অথচ গণহত্যা দিবস নেই। বিষয়টি দুঃখজনক।
‘অধ্যাপক কবীর চৌধুরী স্মারক বক্তৃতা-৬’ শিরোনামে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির ভাষণে তোফায়েল আহমেদ এ কথা বলেন। একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির অন্যতম প্রধান প্রয়াত অধ্যাপক কবীর চৌধুরীর ৯৪তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ বুধবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এই স্মারক বক্তৃতা ও আলোচনা সভার আয়োজন করে নির্মূল কমিটি।
অনুষ্ঠানে ১৯৭১ সালে বাংলাদেশের গণহত্যার জাতীয় ও আন্তর্জাতিক স্বীকৃতি দাবি করেছে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি। এ জন্য ২৫ মার্চকে গণহত্যা দিবস ঘোষণারও দাবি জানিয়েছেন সংগঠনের নেতারা।
অনুষ্ঠানে আলোচনা করতে এসে তোফায়েল আহমেদ বলেন, ‘২৫ মার্চকে গণহত্যা দিবস ঘোষণা না হওয়ার কোনো কারণ দেখি না। আমরা নিজেরাই তো ওই গণহত্যার সাক্ষী। আর আসলেই এটা শুনতে খারাপ লাগে যে দেশে হাত ধোয়া দিবস পর্যন্ত আছে অথচ গণহত্যা দিবস নেই। আমি সংসদে বিষয়টি তুলব। ২৫ মার্চকে গণহত্যা দিবস ঘোষণা করে আন্তর্জাতিকভাবে এই স্বীকৃতি আদায় করতে হবে।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নির্মূল কমিটির উপদেষ্টামণ্ডলীর সভাপতি বিচারপতি মোহাম্মদ গোলাম রাব্বানী। সূচনা বক্তব্য দেন নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির। সঞ্চালনা করেন শহীদ সন্তান শমী কায়সার। অনুষ্ঠানে ৭১-এর গণহত্যা সম্পর্কে শাহরিয়ার কবির সম্পাদিত ‘অন রিকগনিশন অব বাংলাদেশ জেনোসাইড’ গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়।
অনুষ্ঠানে অধ্যাপক কবীর চৌধুরী স্মারক বক্তৃতায় মুক্তিযুদ্ধ গবেষক এবং সেন্টার ফর দ্য স্টাডি অব জেনোসাইড অ্যান্ড জাস্টিসের পরিচালক মফিদুল হক বলেন, ১৯৭১ সালে বাংলাদেশে ভয়াবহ গণহত্যা হয়েছে। নয় মাসজুড়ে পাকিস্তানি বাহিনী ও তাদের দোসররা এই গণহত্যা চালিয়েছে। যুদ্ধাপরাধীদের বিচার শুরুর মামলায় আসামিপক্ষও এই গণহত্যা অস্বীকার করেনি। তারা শুধু বলেছে, গণহত্যা হলেও তাদের মক্কেলরা জড়িত নয়। আর ২৫ মার্চ রাত থেকে পাকিস্তান বাহিনী তো প্রকাশ্যে গণহত্যা চালিয়েছে। এ জন্য তারা হোটেল থেকে বিদেশি সাংবাদিকদের বের হতে দেয়নি। এই গণহত্যাকে বিশ্ববাসীর সামনে তুলে ধরা উচিত।
ব্রিটিশ সমাজকর্মী জুলিয়ান ফ্রান্সিস বলেন, ‘১৯৭১ সালে শরণার্থীদের সংকট আমি নিজে দেখেছি। মনোরোগ চিকিৎসা দেওয়ার চেষ্টা করেছি তাঁদের। দ্বিতীয় বিশ্বযুদ্ধে যেমন গণহত্যা হয়েছে, বাংলাদেশেও যে ১৯৭১ সালে সেটা হয়েছে, তার অনেক সাক্ষ্য-প্রমাণ রয়েছে। তাই এই গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি দেওয়া উচিত।’
নর্থ আমেরিকান জুরিস্ট অ্যাসোসিয়েশন কানাডা চ্যাপ্টারের সাবেক সভাপতি আইনজীবী উইলিয়ান স্লোন বলেন, গণহত্যা, ধর্ষণ—এগুলো সবই আন্তর্জাতিক অপরাধ। কাজেই ১৯৭১ সালের গণহত্যাকে বিশ্ববাসীর কাছে তুলে ধরা উচিত।
১৯৭১ সালের গণহত্যা নির্যাতন আর্কাইভ ও জাদুঘর ট্রাস্টের সভাপতি এবং অধ্যাপক মুনতাসীর মামুন বলেন, ‘মুক্তিযুদ্ধের ইতিহাস আসলে আমরা শুধু বিজয়ের ইতিহাস বলি। কিন্তু নয় মাসের গণহত্যা, ধর্ষণ—এগুলোর কথা সেভাবে আসে না। আর নিহত কিংবা ধর্ষিতার সংখ্যাও কমিয়ে বলার প্রবণতা আছে। আমার হিসেবে অন্তত পাঁচ লাখ নারী ধর্ষণের শিকার হন। কাজেই গণহত্যার স্বীকৃতি জরুরি। দেশে হাত ধোয়া দিবস আছে। অথচ গণহত্যা দিবস নেই। সে কারণেই আমরা ২৫ মার্চকে গণহত্যা দিবসের দাবি করে আসছি আমরা। দুঃখজনক হলো এ দেশে এত দিবস আছে অথচ গণহত্যা দিবস নেই।’
শহীদসন্তান মেঘনা গুহঠাকুরতা বলেন, ‘আমরা নিজের পরিবার থেকেই ১৯৭১-এর গণহত্যার কথা জানি। পরবর্তী সময়ে লেখাপড়া করতে এসেও সেটি দেখেছি। এই গণহত্যার স্বীকৃতি জরুরি।’