হাত ধোয়ার পানিতে বোরো চাষ
কারখানা থেকে বের হওয়া দূষিত বা বিষাক্ত পানিতে ফসলহানির ঘটনা অহরহ ঘটে। তবে কারখানায় ব্যবহূত পানি দিয়ে চাষাবাদের বিষয়টি একেবারেই নতুন। গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা উত্তরপাড়া গ্রামে চার বছর ধরে এমনটিই হচ্ছে। গ্রামের জাবের সুতা কারখানার ব্যবহূত পানি দিয়ে শতাধিক বিঘা জমিতে বোরো চাষ হচ্ছে।মাওনা উত্তরপাড়া এলাকার চাষি আবুল কাশেম মৃধা (৫০) জানান, প্রায় ১২ বছর ধরে তিনি মাওনা পাথারের (স্থানীয়ভাবে বাইদ হিসেবে পরিচিত) জমিতে বোরো চাষ করছেন। আগে গভীর নলকূপ থেকে পানি নিয়ে চাষ করতেন। এতে বিঘাপ্রতি খরচ হতো তিন থেকে চার হাজার টাকা। কিন্তু চার বছর ধরে জাবের কারখানার নিষ্কাষিত পানি দিয়ে বিনা মূল্যে সেচ দিয়ে বোরো চাষ করছেন। একই এলাকার চাষি রফিকুল ইসলাম (৪২) জানান, এই পানি দিয়ে এলাকার শতাধিক বিঘা জমিতে চাষ হয়।জাবের সুতা কারখানার শ্রমিক নাজিম উদ্দিন জানান, তাঁরা প্রতিদিন উৎপাদন শুরুর আগে ও শেষে হাত-মুখ ধোয়ার কাজটি করেন। আরেক শ্রমিক নাজনীন আক্তার জানান, কারখানায় ডাইংয়ের কোনো কাজ হয় না। যে পানি বের হয় তা কেবল হাত-মুখ ও খাওয়ার সময় প্লেট-গ্লাস ধোয়ার পানি। কারখানার মহাব্যস্থাপক আবদুর রাজ্জাক জানান, কারখানার শ্রমিকের সংখ্যা প্রায় দুই হাজার। প্রতিদিন হাত-মুখ ও প্লেট-গ্লাস ধোয়া ছাড়াও কয়েক শ শ্রমিক কারখানায় অবস্থান করেন। তাঁরা দিনে একবার গোসল ও অন্যান্য কাজে পানি ব্যবহার করেন। এ ছাড়া যে পরিমাণ পানি ব্যবহার করা হয়, কারখানার মেশিন দিয়ে তার চেয়ে বেশি পরিমাণ পানি তোলা হয়। ব্যবহূত ও অব্যবহূত এই পানি নালার মাধ্যমে একটি খালে জমা করা হয়। পরে সেই পানি দিয়ে চাষিরা প্রয়োজনমতো বোরো খেতে সেচ দেন।শ্রীপুর উপজেলা কৃষি কর্মকর্তা হামিদ হোসেন জানান, শিল্পাঞ্চলে এর চেয়ে সুখের খবর আর হতে পারে না। অন্য কারখানার মালিকেরা বিষয়টিতে নজর দিলে চাষিদের জন্য ভালো হবে।