হাত নেই বলে সিম নিবন্ধন হলো না তাঁর

হাত না থাকায় নিজের নামে সিম নিবন্ধন করতে পারেননি নাজমুল ইসলাম (৩৮) নামের এক ব্যক্তি। তাঁর বাড়ি টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা সদরের পোষ্টকামুরী গ্রামে।
নাজমুল জানান, তিনি ব্যবসা করেন। তাঁর দুই হাতের কনুইয়ের নিচের অংশ নেই। ছোটবেলায় একটি দুর্ঘটনায় তিনি হাত হারান। সিম নিবন্ধন করার সরকারি ঘোষণা জানার পর থেকেই তিনি তাঁর ব্যবহৃত গ্রামীণফোন ও এয়ারটেলের সিম নিবন্ধনের জন্য স্থানীয় এজেন্টদের কাছে যান। কিন্তু জাতীয় পরিচয়পত্র থাকার পরও আঙুলের ছাপ দিতে না পারায় কেউই তাঁর নামে সিম নিবন্ধন করাতে সহযোগিতা করেননি। পরে তিনি তাঁর এক বন্ধুর মাধ্যমে গ্রামীণফোনের কল সেন্টারের নম্বরে যোগাযোগ করেন। কিন্তু সেখান থেকেও কোনো সমাধান পাননি। পরে সিম বন্ধ হয়ে যাওয়ার ভয়ে বাধ্য হয়ে তাঁর স্ত্রীর নামে সিমটি নিবন্ধন করান।
উল্লেখ্য, জন্মগতভাবে এক হাত না থাকা শারীরিক প্রতিবন্ধী মাহিনুরের মুঠোফোনের দুটি সিম ১৬ মে নিবন্ধিত হয়। রাজধানীর আগারগাঁওয়ের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগে (এনআইডি) তাঁর সিম নিবন্ধন করা হয়। এর আগে কয়েক জায়গায় ঘুরেও সিম দুটি নিবন্ধন করাতে ব্যর্থ হন তিনি। এক হাত না থাকায় মাহিনুরের সিম নিবন্ধন না হওয়ার বিষয়টি নিয়ে আগের দিন প্রথম আলোতে প্রতিবেদন প্রকাশিত হয়।