হাত-পা অচল রুমকির চমকে দেওয়া সাফল্য

ভালো করার দুর্বার ইচ্ছাশক্তি ও অধ্যবসায়ের সামনে শারীরিক প্রতিবন্ধিত্ব যে বাধা হতে পারে না, তা প্রমাণ করেছে রুমকি খানম। চার হাত-পা অচল হওয়ার পরেও সে এবার প্রাথমিক শিক্ষা সমাপনী (পিএসসি) পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে। গতকাল পরীক্ষার ফল প্রকাশের পর এ তথ্য জানা যায়।
রুমকি নড়াইলের লোহাগড়া উপজেলার ঈশানগাতী রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী ও কাশিপুর ইউনিয়নের ঈশানগাতী গ্রামের আবদুর রউফ মোল্লার মেয়ে। আবদুর রউফ একই বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
পিএসসি পরীক্ষা চলাকালে ৯ ডিসেম্বর প্রথম আলোতে ‘প্রতিবন্ধী রুমকির এগিয়ে চলা’ শিরোনামে সচিত্র প্রতিবেদন ছাপা হয়।
পারিবারিক সূত্রে জানা গেছে, জন্মগতভাবে প্রতিবন্ধী রুমকি। হাত-পায়ে পুরো বল পায় না। তাই বাঁ হাত ও পায়ের সাহায্যে কলম ধরে লেখে। সে ডান পায়ের ওপর উত্তরপত্র ও প্রশ্ন রেখে পরীক্ষা দেয়। দুটি বেঞ্চ একত্র করে তাকে বসতে হয়।
ঈশানগাতী রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রমজান আলী বলেন, ‘আমার স্কুল থেকে ২৯ জন পিএসসি পরীক্ষা দিয়েছিল। এর মধ্যে শুধু রুমকিই জিপিএ-৫ পেয়েছে। সে খুব মেধাবী ও আত্মবিশ্বাসী। প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত প্রতিটি ক্লাসেই সে প্রথম হয়েছে।’
পরীক্ষার সময় রুমকি বলেছিল, ‘লেখাপড়ার সর্বোচ্চ ডিগ্রি অর্জন করে ভালো শিক্ষক হতে চাই।’ পরীক্ষার ফল বের হওয়ার পর দৃঢ়প্রত্যের সঙ্গে একই কথা জানায় সে।
রুমকির মা আবেদা সুলতানা জানান, রুমকি লেখাপড়ায় খুব মনোযোগী। সব সময় লেখাপড়ার মধ্যে থাকতে চায় সে। বাঁ হাত দিয়ে সে খায়। তবে কাপড় পরা, গোসল করাসহ অন্য সব কাজের জন্য তাকে অন্যের সহায়তা নিতে হয়।