হাত-পা ও মাথা উদ্ধার লাশটি প্রকৌশলীর
টাঙ্গাইলে গত শনিবার হাত-পা ও মাথাবিহীন অবস্থায় উদ্ধার হওয়া এক ব্যক্তির লাশের পরিচয় মিলেছে। গতকাল রোববার সকালে পুলিশ শহরের পানির ট্যাংকের এলাকা থেকে হাত-পা ও মাথা উদ্ধারের পর স্বজনেরা লাশটিকে টেক্সটাইল প্রকৌশলী আবদুর রহিম মোল্লার (২৩) বলে শনাক্ত করেন। শহরের কাগমারা সেতু এলাকা থেকে লাশটি শনিবার উদ্ধার করে পুলিশ। কিন্তু হাত-পা ও মাথা না থাকায় সে সময় স্বজনেরা নিশ্চিত হতে পারছিলেন না, সেটি অপহূত রহিমেরই লাশ। স্বজনেরা অভিযোগ করেছেন, রহিমকে অপহরণ করার কথা গত বৃহস্পতিবার জানানো হলেও পুলিশ তাঁকে উদ্ধারে কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। তবে অভিযোগ অস্বীকার করেছে পুলিশ।
স্বজনেরা জানান, আবদুর রহিম মোল্লা বরিশালের বানারীপাড়া উপজেলার কাজলাহার গ্রামের আবদুল জলিলের ছেলে। তিনি নরসিংদীর একটি টেক্সটাইল মিলে চাকরি করতেন। মুঠোফোনে টাঙ্গাইলের এক মেয়ের সঙ্গে তাঁর বন্ধুত্ব গড়ে ওঠে। তিনি মেয়েটির সঙ্গে দেখা করতে বুধবার টাঙ্গাইল যান। বৃহস্পতিবার সকালে রহিম বাড়িতে ফোন করে জানান, তাঁকে টাঙ্গাইলের বাঘিল এলাকায় আটকে রাখা হয়েছে। এক লাখ টাকা না দিলে তাঁকে হত্যা করা হবে। এরই মধ্যে তিনি এক সহকর্মীর মাধ্যমে বিকাশ করে ১৬ হাজার টাকা অপহরণকারীদের দিয়েছেন।
ময়নাতদন্ত শেষে গতকাল রহিমের খণ্ড-বিখণ্ড লাশটি টাঙ্গাইলেই দাফন করা হয়েছে। এদিকে শনিবার লাশটি উদ্ধারের পর পুলিশ বাদী হয়ে একটি হত্যা মামলা করে। অন্যদিকে, মো. রুবেল একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।