হাত-পা কাটার পরও আন্দোলন হলে কী করবেন?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘হাত-পা কেটে দেওয়ার পরও আন্দোলন হলে তখন আর কী করবেন?’ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিমের কাছে তা জানতে চেয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। তিনি বলেন, তখন হয়তো কায়িক অস্তিত্বই বিপন্ন করা বা প্রাণনাশের হুমকি দেওয়া হবে।
গতকাল সোমবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী ওই প্রশ্ন তুলে এ কথা বলেন। ‘এবার আন্দোলনের নামে যারা নাশকতা করবে, তাদের হাত-পা কেটে দেওয়া হবে’ বলে গত রোববার শেখ সেলিম যে বক্তব্য দিয়েছিলেন, তার প্রতিবাদে ও পরবর্তী উপজেলা নির্বাচনে দলীয় প্রিসাইডিং কর্মকর্তা নিয়োগের অভিযোগ করে এ সংবাদ সম্মেলন করা হয়।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নাম উল্লেখ না করে রুহুল কবির রিজভী অভিযোগ করেন, ‘শেখ সেলিম এর আগে বিরোধীদলীয় শীর্ষ নেতাকে অপমানজনক, এমনকি তুইতোকারি করেও কথাবার্তা বলেছেন। তার পরও তিনি মন্ত্রী হচ্ছেন না। এখন মন্ত্রী হওয়ার জন্য আর কী হুমকি তাঁর কাছে জমা আছে, জানি না।’
রিজভী অভিযোগ করেন, তাঁরা জানতে পেরেছেন পরের ধাপের উপজেলা নির্বাচনে সরকারদলীয় প্রিসাইডিং কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া হচ্ছে। এর মাধ্যমে তারা বাকি নির্বাচনে সবগুলো উপজেলা গ্রাস করতে চায়। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী আরও কঠোর হবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন। হাত-পা কাটার হুমকির মাধ্যমে প্রধানমন্ত্রীর কঠোরতার কিছু আলামত তাঁর সহচরেরা জানিয়ে দিচ্ছেন। আর কয়টি উপজেলা দখল করলে তাঁর কঠোর মনোবৃত্তি প্রশমিত হবে, জনগণ জানতে চায়।’
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমদ, মোহাম্মদ শাহজাহান, সিলেটের মেয়র আরিফুল হক চৌধুরী প্রমুখ।