এবার আন্দোলনের নামে যারা নাশকতা করবে, তাদের হাত-পা কেটে দেওয়া হবে বলে হুমকি দিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম। তিনি বলেন, ‘এখন আমরা অনেক সুসংগঠিত। আমাদের পতন ঘটানো যাবে না।’
উপজেলা নির্বাচনের পর আন্দোলন শুরু হবে বলে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ঘোষণার পরিপ্রেক্ষিতে শেখ সেলিম গতকাল রোববার তেজগাঁও ও তেজগাঁও শিল্পাঞ্চল থানা আওয়ামী লীগের সম্মেলনে এ হুমকি দেন।
রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে সম্মেলনে সভাপতিত্ব করেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান। তিনি তেজগাঁও থানা আওয়ামী লীগের সভাপতি।
শেখ সেলিম বলেন, ‘জনগণের ম্যান্ডেট নিয়ে পাঁচ বছরের জন্য ক্ষমতায় এসেছি। পাঁচ বছরই থাকব। আফগানিস্তানে তালেবান তো শক্তিশালী দল। তারা তো নির্বাচনে আসে না। তার পরও কি পাঁচ বছরের আগে নির্বাচন হয়?’ তিনি বলেন, পাঁচ বছর পর সংবিধান অনুযায়ী বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই নির্বাচন হবে।